Published : 06 Jun 2026, 07:51 PM
বিশ্বকাপ অভিযানে নামার আগে অবশেষে এই বছরে প্রথম জয়ের দেখা পেল সৌদি আরব। খেলা শুরুর পর, প্রতিকূল আবহাওয়ায় স্থগিত হয়ে যায় ম্যাচ। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হয় এবং দারুণ পারফরম্যান্সে পুয়ের্তো রিকোকে উড়িয়ে দেয় এশিয়ার দলটি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সৌদি আরব। তাদের জয়ের পথে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি ফিফা র্যাঙ্কিংয়ের ১৫৬ নম্বর দলটি।
র্যাঙ্কিংয়ের ৬১তম স্থানে থাকা সৌদি আরবের সামনে যা একটু বাধা হয়ে দাঁড়ায় ওই বিরূপ প্রকৃতিই। বজ্রপাতের কারণে ২১তম মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি এবং মাঠ ছেড়ে যান দুই দলের খেলোয়াড়রা। দর্শকদেরও নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, আট মাইলের মধ্যে ঝড় শুরু হলে খেলা বন্ধ করে দিতে হয়।
দীর্ঘ অপেক্ষার পর, পুনরায় খেলা শুরু হয় এবং বিরতির আগে সুলতান মানদাশের গোলে এগিয়ে যায় সৌদি আরব। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান বাড়ান আব্দুল্লাহ আল-হামদান এবং ৮৮তম মিনিটে সালেম আল-দাওসারির গোলে বড় জয় নিশ্চিত হয় সৌদির।
গত মার্চে মিশরের বিপক্ষে ৪-০ এবং সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের পর, সৌদি আরবের কোচিংয়ে পরিবর্তন আসে। দায়িত্ব নেন গিওর্গিওস দনিস। এই গ্রিকের হাত ধরে গত রোববার একুয়েডরের বিপক্ষেও তেতো স্বাদ পায় তারা, হেরে যায় ২-১ ব্যবধানে।
অবশেষে দনিসের কোচিংয়ে জয়ের দেখা পেল দলটি। এতে, বিশ্বকাপে মাঠে নামার আগে হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে তারা।
আগামী ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে সৌদি আরবের। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্পেন ও কেপ ভার্দ।
মূল পর্বে মাঠে নামার আগে অবশ্য আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দনিসের দল, আগামী বুধবার সেনেগালের বিপক্ষে।