Published : 07 Jun 2026, 06:11 PM
রাজধানীর মতিঝিলে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার ডলার ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে চলে গেছেন অস্ত্রধারীরা।
রোববার বিকাল সোয়া ৩টার দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এমন ঘটনার তথ্য দিয়েছেন মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার। ঘটনাস্থলে থেকে দুটি গুলির খোসা উদ্ধারের কথাও বলেছেন তিনি।
এ ঘটনায় হাতে ও পায়ে গুলিবিদ্ধ ৪৫ বছর বয়সি মো. লোকমান বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ডান হাতে কনুইয়ের নিচে ও ডান পায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “গুলিবিদ্ধ লোকমান মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। তার কোনো স্থায়ী দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। ঘুরে ঘুরে বিভিন্ন বৈদেশিক মুদ্রা কেনাবেচা করেন।”
লুট হওয়া ব্যাগে কী পরিমাণ অর্থ ছিল জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, “সঠিক পরিমাণটা আমরা এখনো বলতে পারছি না। তিনি একেকবার একেক কথা বলছেন। তবে ১৭ হাজার ডলার ছিল বলেছেন। সাথে আরো টাকা বা অন্য দেশের কোনো মুদ্রা ছিল কি না এখনো বিষয়টি স্পষ্ট নয়।”

এদিকে পুলিশ বলছে, শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে ঘটনাটি ঘটলেও ওই ব্যবসায়ী ব্যাংকে যাননি। ঘটনার সময় তিনি হেঁটে যাচ্ছিলেন। এমন সময় বাইকে করে আসা কয়েকজন তাকে ঘিরে ধরে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার এক সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, লোকমান হেঁটে যাওয়ার সময় তাকে ঘিরে ধরে ব্যাগ কেড়ে নিতে ধস্তাধস্তি শুরু করে দুইজন। এ সময় ওই ব্যবসায়ী একপর্যায়ে সড়কে পড়ে যান। পাশেই তিনটি বাইকে করে ৩ জন দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে ওই ব্যবসায়ীকে গুলি করে একজন তার কাছ থেকে ব্যাগ কেড়ে নিয়ে দৌড়ে একটি বাইকে ওঠে যান।
এক প্রশ্নের জবাবে উপকমিশনার হারুন বলেন, “আমরা প্রাথমিকভাবে তিনটি বাইকে আসা ৬ জনকে সন্দেহ করছি। মনে হয়েছে এটি সংঘবদ্ধ একটি চক্র। ঘটনার পর তারা কোনদিকে গেল, তাদের গতিবিধি শনাক্ত করতে কাজ করছি।”
পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখার কথা বলেছেন থানার পুলিশ কর্মকর্তারা।