Published : 11 Jul 2026, 06:16 PM
মিশরের বিপক্ষে ম্যাচের পর থেকে শুরু হয়েছে তুলকালাম কাণ্ড। ওই ম্যাচের রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল সমালোচনা। মিশরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের জয় ‘লুট’ করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট হ্যাক করে, সেখান থেকে হ্যাকারদের বার্তা পাঠানোর মতো কাণ্ডও ঘটে গেছে। অভিযোগ উঠছে, বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ড ম্যাচ সামনে রেখে, এ নিয়ে প্রশ্নের তোপে পড়লেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
পক্ষপাতিত্বের অভিযোগ খন্ডন করতে গিয়ে, স্কালোনি টানলেন অতীত প্রসঙ্গ। ১৯৮৬ সালে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেবারও এই একই অভিযোগ উঠেছিল উল্লেখ করে, আর্জেন্টিনা কোচ বললেন, এই আধুনিক যুগে পক্ষপাতের কোনো অস্তিত্ব নেই এবং সেটা করা সম্ভবও নয়।
ওই ম্যাচের দুটি ঘটনা নিয়ে মূলত মিশরের আপত্তি। প্রথমটি ভিএআরের হস্তক্ষেপে, আক্রমণ শুরুর আগের একটি ফাউলের কারণে মোহামেদ জিকোর গোল বাতিল করা হয়। দ্বিতীয়টি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে, মিশরের মোহামেদ সালাহ ফাউলের শিকার হওয়ার অভিযোগ করলেও সেটি ভিএআরে পর্যালোচনা করেননি রেফারি। এই ইস্যুতে গত কয়েকদিন ধরে বইছে সমালোচনার ঝড়।
তার ঝাঁপটা আছড়ে পড়ল, সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের সংবাদ সম্মেলনে। স্কালোনি তখন পেড়ে বসেন, ১৯৮৬ বিশ্বকাপের প্রসঙ্গ।
“অনেক দিন আগে, ১৯৮৬ বিশ্বকাপেও বলা হতো, আমাদের প্রতি পক্ষপাত করা হচ্ছে। আমার যতদূর মনে পড়ে, আর্জেন্টিনাকে সবসময় আলাদা করে দেখা হয়েছে। কেননা, আমরা প্রতিযোগিতার সবচেয়ে ভালো দলের একটি। এমন অনেকেই থাকবে, যারা চাইবে না আমরা জিতি।
“এটা খেলোয়াড়দের উপর প্রভাব ফেলে (ইতিবাচকভাবে) এবং তারা এটাকে তেড়েফুঁড়ে বেরিয়ে আসা এবং আরও ভালো খেলার সুযোগ হিসেবে কাজে লাগায়। ভিএআর থাকলেই বরং সুবিধা পাওয়া কঠিন; কেননা, এখানে ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নেই। লিসান্দ্রোর পা মাড়িয়ে দেওয়া হয়েছিল এবং এটা একটা ফাউল। এখানে পক্ষপাত নেই; আজকাল এটা পাওয়া খুবই কঠিন।”
ক্যানসাস সিটিতে, বাংলাদেশ সময় রোববার ৭টায় (এএম) কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে শিরোপা ধরে রাখার অভিযানে আসা আর্জেন্টিনা।