Published : 06 Jul 2026, 02:39 PM
মেক্সিকোর বিপক্ষে দলের জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে এনেছেন জর্ডান হেন্ডারসন। ইংল্যান্ডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার কব্জিতে গুরুতর চোট পাওয়ার কথা নিশ্চিত করেছেন দলটির কোচ টমাস টুখেল।
আসতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে, শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারায় ইংল্যান্ড। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর কোয়ার্টার-ফাইনালে উঠে আনন্দে আত্মহারা হয়ে পড়েন দলটির সবাই।
মুহূর্তটি সমর্থকদের সঙ্গে উদযাপনের সময় বিজ্ঞাপন বোর্ড থেকে বেকায়দায় পড়ে যান ৩৬ বছর বয়সী হেন্ডারসন। এতে কব্জিতে ভীষণ চোট পান তিনি। মাটিতে শুয়ে তাকে কাতরাতে দেখা যায়।
স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় হেন্ডারসন। টুখেল জানিয়েছেন, এখন হাসপাতালে আছেন এই ফুটবলার।
“জর্ডান পড়ে গিয়েছিল এবং তার কব্জিতে চোট পেয়েছে। মারাত্মক চোটই মনে হচ্ছে। বেশ গুরুতর চোট। এমন একটি আনন্দের রাতে জর্ডান আমাদের সঙ্গে নেই, বিষয়টি মানার মতো নয়। দলের চিকিৎসক আমাকে জানিয়েছে, সে এখন হাসপাতালে আছে।”
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত স্রেফ ৬ মিনিট খেলেছেন হেন্ডারসন, শেষ গ্রুপ ম্যাচে পানামার বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে দল ছিলেন তিনি, তবে তাকে মাঠে নামাননি টুখেল।
এনিয়ে চতুর্থ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন হেন্ডারসন। দেশের জার্সিতে সিনিয়র ফুটবলে সব মিলিয়ে ৯০ ম্যাচ খেলে তিনটি গোল করেছেন তিনি।
আগামী রোববার ৩টায় (এএম) শেষ আটের লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড।
হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে আছেন ডিফেন্ডার রিস জেমস। আর মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখায় পরের ম্যাচ খেলতে পারবেন না দলটির রক্ষণভাগের আরেকজন জ্যারেল কুয়ান্সা। এবার চোট পেলেন হেন্ডারসনও।