Published : 01 Jul 2026, 03:53 PM
বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের জন্য নিশ্চিতভাবেই বড় হুমকি আর্লিং হলান্ড। দারুণ ছন্দে থাকা নরওয়ের তারকা ফরোয়ার্ডকে নিয়ে আলাদা করে ভাবতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। দলের বাইরে থেকেও যেমন ভাবছেন রদ্রিগো। মজা করে হলান্ডকে আসছে ম্যাচে বিশ্রাম নিতে বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
শেষ বত্রিশের লড়াইয়ে মঙ্গলবার আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দলটির হয়ে এদিন জয়সূচক গোলটি করেন হলান্ড।
শুধু এই ম্যাচেই নয়, আসরে দলের প্রথম দুই ম্যাচে জোড়া গোল করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এবারের বিশ্বকাপে হলান্ডের গোল এখন পাঁচটি। তার চেয়ে বেশি কেবল কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির- ছয়টি করে।
শেষ আটে ওঠার লড়াইয়ে আগামী রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। বিশ্বকাপে এখন পর্যন্ত লাতিন আমেরিকার দলটির বিপক্ষে হারেনি ইউরোপের দলটি।
আইভরি কোস্ট ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন হলান্ড। সেখানে মজা করে রদ্রিগো লেখেন, “তুমি অনেক পরিশ্রম করেছ… রোববার বিশ্রাম নাও।” লেখার শেষে হাসির একটি ইমোজি জুড়ে দেন রদ্রিগো।
গত মার্চে রেয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় রদ্রিগোর। যার ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। এই চোটের থাবায় খেলতে পারছেন না তিনি বিশ্বকাপেও।
রদ্রিগোকে ছাড়াই অবশ্য ভালো করছে ব্রাজিল। গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে উঠেছে দলটি। সেখানে জাপানকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।