১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার বাস টার্মিনালগুলো কোথায় যাবে? জায়গা খুঁজতে মাঠে প্রতিনিধি দল

এই পরিদর্শন কার্যক্রমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 11:52 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাব্য জায়গা খুঁজতে মাঠে নেমেছে সরকারের প্রতিনিধি দল।

বুধবার বিকালে পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন চুনকুটিয়া, জেলখানার বিপরীতে বাঘাইর-তেঘরিয়া আন্ডারপাস এলাকা, হাসনাবাদ (ইকুরিয়া)-কাঁচপুর এবং ফুলবাড়িয়া এলাকা ঘুরে দেখে দলটি।

এই পরিদর্শন কার্যক্রমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে; এরপর ধাপে ধাপে স্থানান্তরের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পরিদর্শন দলে ছিলেন পাবনা-৫ আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্বে থাকা শামীমা পারভিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও এসময় উপস্থিত ছিলেন।

গত ১৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা হয়। সেখানে ঢাকার চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।