Published : 05 Jul 2026, 08:31 AM
একজনের দায়িত্ব প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে দলকে গোল এনে দেওয়ার। অন্যজনের কাজ তাকে আটকানো। মাঠের লড়াই শুরুর আগে তাই, দুজনের মধ্যে কথার লড়াই শুরু হওয়াটাই অস্বাভাবিক নয়। কিন্তু লামিন ইয়ামাল ও নুনো মেন্দ্স পরস্পরের প্রশংসায় হলেন পঞ্চমুখ।
উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ডালাসে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। ৬ জুলাই ১টায় (এএম) শুরু হবে ম্যাচটি। দুই দলের ম্যাচের ভেতরে চলবে ইয়ামাল বনাম মেন্দ্স দ্বৈরথও।
অনেকের চোখে মেন্দ্স সময়ের সেরা লেফট-ব্যাকের একজন। ২৪ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডারের কাঁধে দায়িত্ব থাকবে, ইয়ামালকে নজরবন্দী করে রাখার। অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মেন্দ্সকে ইতোমধ্যেই প্রশংসায় ভাসিয়েছেন ইয়ামাল। বলেছেন, “তার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন ডিফেন্ডার।”
স্প্যানিশ ফরোয়ার্ডের ওই ভিডিও দেখেছেন মেন্দ্সও। তিনিও প্রতিপক্ষ দলের তরুণ তারকার প্রতি মুগ্ধতা জানালেন। বললেন, ডালাসে দুজনের মধ্যে দারুণ দ্বৈরথ জমবে।
“আমি ইতোমধ্যে ওই ভিডিও দেখেছি। ইয়ামাল খুবই মেধাবী খেলোয়াড়। আমরা পরস্পরের মুখোমুখি হব এবং ভালো একটা দ্বৈরথ হবে। আমি তার বিপক্ষে খেলা পছন্দ করি; সে তরুণ, অনেক মানসম্পন্ন এবং পার্থক্য গড়ে দিতে পারে। সবসময়ই এটি ভালো একটা দ্বৈরথ।”
এবারের আসরে ‘ফেভারিট’ দলগুলোর একটি স্পেন। পর্তুগালের পক্ষে বাজি ধরার লোক সে অর্থে কমই। মেন্দ্সও অনুভব করছেন, কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। স্পেনকে নিয়ে বলতে গিয়ে যেন একটু জড়তাও বোধ করলেন তিনি। তবে, তাদের রুখে দিতে ইয়ামালের বলের জোগান আটকানো গুরুত্বপূর্ণ, মনে করেন পিএসজির এই ডিফেন্ডার।
“এটা বলা কঠিন…বললে এমন শোনাবে যেন আমিই তাদের প্রতিপক্ষ। তাই আমি নিজের কথা বলব: এটা কঠিন একটা ম্যাচ হবে খুবই শক্তিশালী একটা দলের বিপক্ষে, যারা ফুটবল কীভাবে খেলতে হয়, বলের দখল রাখতে হয়, সেটা জানে। তাদের বিপক্ষে সম্মিলিত ফুটবল খেলা গুরুত্বপূর্ণ হবে। যদি, আমরা ইয়ামালের কাছে বল পৌঁছানো আটকাতে পারি, সেটা আমাদের জন্য ভালো শুরু হবে।”
বার্সেলোনা ফরোয়ার্ড ইয়ামালের সঙ্গে দেখা হওয়ার কথা বলতে গিয়ে, তাকে আবারও প্রশংসায় মাতলেন মেন্দ্স। তবে, মাঠের লড়াইয়ে স্পেন ফরোয়ার্ডকে আটকানোই একমাত্র লক্ষ্য থাকবে, বললেন সেটাও।
“এই প্রশংসাগুলো শুনতে সবসময়ই ভালো লাগে। আমি খুশি। চেলসির বিপক্ষে খেলার সময় তার সাথে আমার দেখা হয়েছিল। কিছু কথাও হয়েছিল। সে চমৎকার একজন মানুষ, ভালো একজন খেলোয়াড়ও, কিন্তু আমি নিজের লক্ষ্যে, জাতীয় দলকে সাহায্য করার দিকে মনোযোগ দিচ্ছি।”