Published : 09 Jun 2026, 09:51 PM
অর্জনে সমৃদ্ধ ডাভিড আলাবার ক্যারিয়ার। ফুটবলের বড় মঞ্চে আলো ছড়িয়েছেন। বায়ার্ন মিউনিখ ও রেয়াল মাদ্রিদের হয়ে ঘরোয়া, মহাদেশীয়, এমনকি বৈশ্বিক শিরোপাও জিতেছেন। কিন্তু একটি শূন্যতা তার রয়েই গেছে। অবশেষে পূরণ হতে যাচ্ছে সেই স্বপ্ন। প্রথমবার খেলবেন বিশ্বকাপে। সেই রোমাঞ্চ তো আছেই, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্যও উন্মুখ হয়ে আছেন অস্ট্রিয়া অধিনায়ক।
১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার অপেক্ষায় অস্ট্রিয়া। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী ডিফেন্ডার আলাবা বললেন, খুবই গর্বিত অনুভব করছেন তারা।
“টুর্নামেন্টকে ঘিরে আমি সত্যিই খুব রোমাঞ্চিত। আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এর অংশ হওয়ার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে কৃতজ্ঞ না হয়ে পারা যায় না। বিশ্বকাপে আমাদের জায়গা নিশ্চিত করতে পেরে আমরা সত্যিই গর্বিত।”
বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকালে জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে অস্ট্রিয়ার। পরের ম্যাচে ২২ জুন শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিপক্ষে ক্লাব পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে আলাবার। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবার দেখা হবে তাদের। ১৯৯০ সালের পর প্রথমবার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে অস্ট্রিয়া। আলাবার কাছে এই ম্যাচ বিশেষ কিছু।
“বিষয়টা শুধু মেসিকে নিয়ে নয়, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটাই অসাধারণ ব্যাপার। তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এটা সত্যিই স্পেশাল ম্যাচ হবে এবং আমাদের জন্য বেশ কঠিনও হবে।”
“তবে আমরা প্রতিপক্ষের ওপর খুব বেশি মনোযোগ দিতে চাই না। ভালো ফল করতে হলে পরিকল্পনায় অটল থেকে নিজেদের খেলাটা খেলতে হবে। আর্জেন্টিনা ম্যাচের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”
বিশ্বকাপে অস্ট্রিয়ার সেরা সাফল্য ১৯৫৪ সালের আসরে তৃতীয় স্থান অর্জন করা। উত্তর আমেরিকা আসরে তারা ফেভারিটদের কাতারে না থাকলেও, বড় লক্ষ্যের কথাই বললেন আলাবা।
“এই মুহূর্তে আমরা সে বিষয়ে (শিরোপা দাবিদার কি না) ভাবছি না। আমি নিশ্চিত, আমাদের এই দল সাফল্য অর্জন করতে সক্ষম। আমরা ইতিহাস গড়ার লক্ষ্যেই এগিয়ে যাব; এটাই আমাদের লক্ষ্য। শেষ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আমাদের আছে কি না, তা কেবল সময়ই বলে দেবে, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়।”