Published : 10 Jun 2026, 02:15 PM
নড়াইলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, যারা সহোদর ভাই।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা বাবলু।
মারা যাওয়া আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।
স্বজনদের বরাতে বাবলু বলেন, দুই শিশুর মা ডলি বেগম ছেলেদের কাঠাল খেতে দিয়ে ঘরে বিশ্রাম নিতে যান। কিছুক্ষণ পরে বাইরে এসে তাদের আর খুঁজে পাচ্ছিলেন না।
পরে পরিবারের সদস্যসহ স্থানীয়দের খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের পাওয়া যায়। তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে দুই ভাই পুকুরে পড়ে যায়। এভাবে একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবারটি ছাড়াও এলাকার বাসিন্দারাও শোকাহত, বলেন এই সাবেক জনপ্রতিনিধি।