Published : 17 Jun 2026, 01:10 PM
গোলের পর সতীর্থদের সঙ্গে উদযাপন, দু হাত উঁচিয়ে আকাশে তাকানো, চেনা সব দৃশ্যই দেখা গেল। এরপরই দেখা গেল একটু অন্যরকম দৃশ্য। মাথা নুইয়ে নিচের দিকে তাকালেন লিওনেল মেসি। যেন চেষ্টা করছিলেন কান্না আটকাতে আর নিজেকে সামলাতে। ক্যামেরায় যখন কাছ থেকে ফুটে উঠল তার মুখ, দেখা গেল চোখের কোণে চিকচিক করছে জল!
খেলার মাঠে কষ্টের কান্না যেমন নিয়মিত দৃশ্য, তেমনি আনন্দাশ্রুও বিরল নয়। মেসিরও এই দুই অভিজ্ঞতাই হয়েছে নানা সময়ে। তবু এবার একটু বিস্ময়ই জাগল। বিশ্বকাপে দলের মাত্র প্রথম ম্যাচ এটি। পথের এখনও অনেক বাকি। খুব বেশি সমীকরণ এখানে ছিল না। বক্সের বাইরে থেকে করা গোলটি যদিও অসাধারণ ছিল, তবে এরকম গোলও তো তিনি কম করেননি!
ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলের পরের ঘটনা সেটি। ম্যাচের পঞ্চম মিনিটে মেসি বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। সপ্তদশ মিনিটে আর ভুল হয়নি। বক্সের বাইরে থেকে গোলার মতো শটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
এরপরই উদযাপনের এক পর্যায়ে তার চোখে দেখা যায় জল। জার্সিতে চোখ মুছতেও দেখা যায় তাকে।
প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান মেসি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের তালিকায় স্পর্শ করেন সবার ওপরে থাকা মিরোস্লাভ ক্লোসাকে।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের এই জয়ে ম্যান অব দা ম্যাচ কে, সেটা নিশ্চয়ই আর দিতে হবে না!
ম্যাচের পর তাকে জিজ্ঞেস করা হয় প্রথম গোলের পর আবেগাপ্লুত হয়ে পড়ার কারণ। তিনি কিছুটা বললেও পুরোপুরি খোলাসা করলে না গল্প।
“আমি কেন কেঁদেছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই নেই। গত কিছু দিন কঠিন দিনের মধ্যে দিয়ে গিয়েছি। পুরো ম্যানেজমেন্ট এবং আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ আমি, কারণ তারা সবসময় আমার পাশে ছিল এবং এই কঠিন সময়টা পার করতে আমাকে অনেক শক্তি জুগিয়েছে।”
গত মাসে ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের ম্যাচে চোটে পড়ে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন মেসি। বিশ্বকাপের শুরুতে তাকে পাওয়া নিয়েও ছিল শঙ্কা। সেই সময়টার কথাই তিনি বলেছেন কি না, কে জানে!
তবে শেষ পর্যন্ত ফিট হয়ে উঠে তিনি খেললেন এবং একাগাদা রেকর্ড গড়লেন। প্রথম ফুটবলার হিসেবে খেললেন ছয়টি বিশ্বকাপে, আর্জেন্টিনার প্রথম ফুটবলার হিসেবে খেললেন ২০০ ম্যাচ। দ্বিতীয় ফুটবলার হিসেবে গোল করলে পাঁচটি বিশ্বকাপে। ক্যারিয়ারের একাদশ হ্যাটট্রিকে ঘুচে গেল বিশ্বকাপে হ্যাটট্রিক করতে না পারার অপূর্ণতা। ১৬ গোল করে চূড়ায় ক্লোসার সঙ্গী হওয়ার কীর্তি তো আছেই।