Published : 21 Jun 2026, 09:41 PM
বর্তমানে দেশে বিচারকের অনুমোদিত ২ হাজার ৬২০ পদের মধ্যে ১ হাজার ৯৬৪ জন কর্মরত আছেন জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শূন্য পদে বিচারক নিয়োগের প্রক্রিয়া চলছে।
রোববার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য দেন।
আইনমন্ত্রী বলেন, সরকার সম্প্রতি ৬৫০টি সিভিল জজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ৪০৬টি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং ২০৪টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করেছে। নতুন আদালতগুলোর জন্য বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
সংরক্ষিত আসনের আরেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গত ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ৮৩০টি। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দেশে ১৬৩টি পারিবারিক আদালত এবং ৬৫টি পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।
বিগত আওয়ামী লীগ আমলে সারা দেশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো ‘হয়রানিমূলক ও মিথ্যা মামলা’ হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান।
নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্যের বরাতে আইনমন্ত্রী বলেন, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে।
“তবে জামায়াতের নেতাকর্মীদের নামে কত মামলা হয়েছে, সে সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই।”
তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ‘রাজনৈতিক কারণে’ দায়ের করা ‘হয়রানিমূলক’ মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা গত তিন মাসে প্রত্যাহার করা হয়েছে। যেসব মামলা এখনও প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহারেও কমিটি কাজ করছে।
এদিকে বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, “সরকারি শূন্য পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ছয় মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২ হাজার ৮৭৯টি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে আরও ৩ হাজার ১১০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে মোট শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি বলেও তথ্য দেন প্রতিমন্ত্রী।
এর মধ্যে প্রথম শ্রেণির ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণির ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং চতুর্থ শ্রেণির ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। এ ছাড়া সম্মানসূচক, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক মিলিয়ে আরও ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে বলেও তথ্য আবদুল বারী।