Published : 26 Jun 2026, 05:46 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘এইচ’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে কেইপ ভার্ড ও সৌদি আরব এবং উরুগুয়ে ও স্পেন। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় শুরু হবে ম্যাচ দুটি।

স্পেন: কেইপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর, সৌদি আরবকে ৪-০ গোলে হারায় দলটি। পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে।
উরুগুয়ের বিপক্ষে হার এড়ালেই নকআউট পর্বে খেলা নিশ্চিত স্পেনের।
ম্যাচটি জিতলেই গ্রুপ সেরা হবে স্পেন, কোনো শর্ত ছাড়াই।
নিজেরা ড্র করলেও গ্রুপ সেরা হতে পারে স্পেন, যদি অন্য ম্যাচটিও ড্র হয় কিংবা সৌদি আরব জিতে।
আবার কেইপ ভার্ড যদি তিন গোল বা এর কম ব্যবধানে জয় পায়, তাহলে নিজেরা ড্র করেও গোল ব্যবধানে এগিয়ে সেরা হবে স্পেন।
আফ্রিকার দলটি যদি চার গোলে জিতে এবং স্পেন যদি ড্র করে, তাহলে এই দুই দলের পয়েন্ট হবে সমান ৫, গোল ব্যবধানও হবে সমান, তখন দেখা হবে কারা বেশি গোল করেছে।
উরুগুয়ের বিপক্ষে হেরে গ্রুপ রানার্সআপ হতে পারে স্পেন, যদি অন্য ম্যাচ ড্র হয় কিংবা সৌদি আরব জয় পায়।
উপরের কোনো শর্ত পক্ষে না এলে গ্রুপের তৃতীয় হয়ে, সেরা আট তৃতীয় দলের হয়ে পরের ধাপে ওঠার সুযোগ থাকবে স্প্যানিশদের।
উরুগুয়ে: সৌদি আরবের সঙ্গে ১-১ ড্রয়ের পর, কেইপ ভার্ডের সঙ্গে ২-২ ড্র করেছে উরুগুয়ে। কেইপ ভার্ডের সমান ২ পয়েন্ট এবং সমান গোল ব্যবধান তাদের, তবে বেশি গোল করায় দুইয়ে আছে লাতিন আমেরিকার দেশটি।
স্পেনের বিপক্ষে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে উরুগুয়ের।
ম্যাচটি জিতলে গ্রুপ সেরাও হতে পারে উরুগুয়ে। তবে সেজন্য কিছু বিষয় পক্ষে আসতে হবে তাদের; অন্য ম্যাচটি ড্র হলে, কিংবা সৌদি আরব জয় পেলে, অথবা কেইপ ভার্ড উরুগুয়ের চেয়ে কম ব্যবধানে জিতলে কিংবা ব্যবধান সমান হলে কম গোল করে জিতলে।
নিজেরা ড্র করেও গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠতে পারবে উরুগুয়ে, যদি অন্য ম্যাচটি তাদের মতো একই স্কোরলাইনে বা তাদের চেয়ে ছোট স্কোরলাইনে ড্র হয়।
উদাহরণস্বরূপ: দুটি ম্যাচই ড্র হলে, উরুগুয়ে ও কেইপ ভার্ডের পয়েন্ট ও গোল ব্যবধান এখনকার মতোই সমান থাকবে, বর্তমানে একটি গোল বেশি করায় এগিয়ে আছে উরুগুয়ে; উপরের শর্তটি উরুগুয়ের পক্ষে আসতে তাদের চেয়ে কেইপ ভার্ডের বেশি গোল করা চলবে না।
কেইপ ভার্ড: স্পেনের সঙ্গে গোল শূন্য ড্রয়ের পর, উরুগুয়ে সঙ্গে ২-২ ড্র করেছে কেইপ ভার্ড। উরুগুয়ের সমান ২ পয়েন্ট এবং সমান গোল ব্যবধান তাদের, তবে কম গোল করায় তিনে আছে কেইপ ভার্ড।
সৌদি আরবের বিপক্ষে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে কেইপ ভার্ডের।
ম্যাচটি জিতলে গ্রুপ সেরাও হতে পারে কেইপ ভার্ড। তবে সেজন্য কিছু বিষয় পক্ষে আসতে হবে তাদের; অন্য ম্যাচটি ড্র হলে, গোল ব্যবধানে স্পেনকে পেছনে ফেলতে হবে তাদের। উরুগুয়ে জয় পেলে, তাদের চেয়ে বেশি ব্যবধান জিতে হবে কেইপ ভার্ডের।
নিজেরা ড্র করেও গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠতে পারবে কেইপ ভার্ড, যদি অন্য ম্যাচে উরুগুয়ে হারে।
সৌদি আরব: উরুগুয়ের সঙ্গে ১-১ ড্রয়ের পর, স্পেনের বিপক্ষে ৪-০ গোলে ধরাশায়ী হয় সৌদি আরব। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা।
গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে যেতে কেইপ ভার্ডের বিপক্ষে জিততেই হবে সৌদি আরবকে এবং প্রার্থনা করতে হবে, অন্য ম্যাচটি যেন ড্র হয় কিংবা স্পেন জয় পায়।
নিজেরা জয় পেলে এবং অন্য ম্যাচে যদি উরুগুয়ে জিতে যায়, তাহলে তৃতীয় হবে সৌদি আরব। এবং সেরা আটটি তৃতীয় দলের হয়ে নকআউটে খেলার আশায় থাকবে তারা।