১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বিতর্কিত কর্মকাণ্ড’: সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদককে অব্যাহতি

কমিটি গঠনের পর সামিরের বিরুদ্ধে মাদকের কারবার ও ‘কিশোর গ্যাং’ নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে।

‘বিতর্কিত কর্মকাণ্ড’: সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদককে অব্যাহতি
ছাত্রদল নেতা মাহবুব সামির।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 11:44 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মাহবুব সামিরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।

গত ৫ জুন সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এরপর নতুন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।

কমিটি গঠনের পর সামিরের বিরুদ্ধে মাদকের কারবার ও ‘কিশোর গ্যাং’ নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে। এক কিশোরকে নির্যাতনের অভিযোগে সাভার মডেল থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগীর এক স্বজন। এ ছাড়া সামিরের বড় ভাই যুবদল কর্মী হৃদয় হোসেন হেরোইনসহ র‌্যাবের হাতে আটকের পর বর্তমানে কারাগারে রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সামিরের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে কিশোর নির্যাতনে বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, “নির্যাতন করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে।”

তাকে ছাত্রদলের পদ থেকে অব্যাহতির পর বিষয়টি নিয়ে ফোন করলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “কেন্দ্রীয় কমিটি সামিরকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে অব্যাহতি দিয়েছে।

“তার অভিযোগগুলো খতিয়ে দেখছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের ভেতরে কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করবে না কেন্দ্রীয় কমিটি।”