ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে জানান আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান।
নিহত সুমন শেখ (৩০) ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি এম এ খালেক কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বড়ভাগ গ্রামে দুই পক্ষের মধ্যে গ্রাম্য বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় সুমন শেখ মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে বড়ভাগ গ্রামে উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারীরা গা-ঢাকা দিয়েছের।
ওসি ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
