Published : 25 Jun 2026, 03:08 PM
২০১৪ বিশ্বকাপ ফাইনালের পর নিজেন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মারিও গোটসে। তার গলায় ঝুলছে বিশ্ব চ্যাম্পিয়নদের মেডেল, পাশে মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে লিওনেল মেসি। ওই ছবি নিয়ে এখনও আক্ষেপ কাটেনি ফাইনালে আর্জেন্টিনার হৃদয় ভেঙে জার্মানিকে শিরোপা এনে দেওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডারের।
মেসির অনেক বড় ভক্ত গোটসে, বিভিন্ন সময় নিজেই বলেছেন সেটা। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে মহাতারকার জন্য তার উচ্ছ্বাসে সেটা স্পষ্ট হয় আরও।
২০১৪ সালে বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে দারুণ ফুটবল উপহার দিলেও, মারাকানায় সেদিন মেসি ছিলেন পরাজিত দলে। ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। স্বপ্ন চুরমার হলেও গোটসের অনুরোধ এড়িয়ে যাননি আর্জেন্টাইন অধিনায়ক।
আনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ৩৪ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বললেন, মেসির প্রতি শ্রদ্ধা থেকেই ছবির অনুরোধ করেছিলেন তিনি, উল্লাসের জন্য নয়। তবে স্বীকার করেছেন, ছবিটা অন্য কোনো সময়েও তুলতে পারতেন তিনি।
“এটা সেরা সময় ছিল না। সম্ভবত সবচেয়ে বাজে সময় ছিল। ম্যাচের পর এটা ছিল সবচেয়ে বাজে সময়। তবে দিন শেষে, ফুটবলের জন্য তিনি যা করেছেন এবং করে চলেছেন এর জন্য আমি তার অনেক বড় ভক্ত। তাই আমি স্রেফ তার বড় এক ভক্ত এবং আমি তাকে খেলোয়াড় হিসেবে পছন্দ করি।”
গত আসরে শিরোপার জয়ের পর এবার প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করেছেন মেসি। গত বুধবার ৩৯তম জন্মদিন পালন করা আর্জেন্টিনা অধিনায়ক যেন ছাড়িয়ে গেছেন গোটসের বিস্ময়ের সব সীমা।
“এটা অবিশ্বাস্য। আমি বলতে চাইছি, তিনি যা করতে পারেন, সেটা এখনও করে চলেছেন। আমি মনে করি তিনি বিশেষ একজন। দিন শেষে তিনিই হয়তো একমাত্র। হয়তো রোনালদোর সঙ্গে তিনি এগুলো অর্জন করতে পারেন। তারা ২০ বছর ধরে খেলছেন, এমনকি ২০ বছরের বেশি সময় ধরে। এটা স্রেফ পাগলাটে।”