Published : 26 Jun 2026, 05:04 PM
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আশিকা সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডেও পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম রিমান্ডের তথ্য জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটের দিকে ঢাকার মিরপুরের সাড়ে ১১ নম্বর থেকে গ্রেপ্তার করা হয়।
আসামি আশিকা সুলতানাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এসআই আল মামুন হোসেন।
আবেদনে বলা হয়, “আসামিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সমর্থক। তারা পরস্পর যোগসাজসে আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়ে সমাবেশ আয়োজন করে। তারা জনসাধারণ লোকজনদের মধ্যে ভীতি ও ত্রাসের সৃষ্টি করে। আসামিরা মূলত একত্রিত হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও অপরাধের ষড়যন্ত্র, প্রচেষ্টা, বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারনের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যক্রমের যড়যন্ত্র করে। আশিকা সুলতানা মামলার ঘটনার সাথে জড়িত বলে বিশ্বস্ত গোপন সূত্রে জানা যায়‘”
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, "এ আসামি ফ্যাসিস্ট আমলে বিপুল অর্থের মালিক হয়েছে। ছাত্রলীগ-যুবলীগকে নেই অর্থ যোগান দিয়ে মিছিল, মিটিং করাচ্ছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই অর্থ যোগান দিয়ে জানান দিতে চেয়েছে। তার সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।"
আশিকা সুলতানার পক্ষে তার আইনজীবী মোকছেদুল হাসান মন্ডল রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন।
তিনি বলেন, ''এ আসামি একজন সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালের ৫ অগাস্টের পর সবাই পলাতক। কিন্তু তিনি বাসায় অবস্থান করেন। গত ১৯ জুন সকালে মিছিল-মিটিং হয়। ঘটনার ৬ দিন পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঘটনার সাথে জড়িত না। রিমান্ড হওয়ার মত যৌক্তিক কারণ নেই।"
আরেক আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, "রিমান্ড আবেদনে বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে ঘটনার সাথে এ আসামি জড়িত। তদন্ত কর্মকর্তা কি এমন বিশ্বস্ত সূত্র পেলেন তা কি আদালতকে অবহিত করেছে। রিমান্ডের যৌক্তিক কোনো কারণ নেই। রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থন্ করছি।"
উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আশিকা সুলতানাকে তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
মামলার, বিবরণে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়।
পরে ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।