Published : 26 Jun 2026, 04:55 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের ভেতর থেকে বস্তাভর্তি ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘৬০৩ আপ কন্টেইনার’ ট্রেনে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৯ সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী।
আটক লোকোমাস্টারের (চালক) নাম শাহজাহান। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সহকারী লোকোমাস্টার পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার নুরুন্নবী বলেন, গোপন খবর পেয়ে রাত পৌনে ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী আখাউড়া রেলওয়ে জংশনে অভিযান চালায় র্যাবের একটি দল।
তিনি বলেন, “মালবাহী ট্রেনটি স্টেশনে পৌঁছার পর আমরা প্রথমে তল্লাশির বিষয়ে চালককে অবহিত করি। এ সময় ইঞ্জিনে থাকা চালক শাহজাহান আমাদের তল্লাশিতে বাধা দেন। এক পর্যায়ে তিনি র্যাব সদস্যদের ওপর উত্তেজিত হওয়ার চেষ্টা করেন।
“পরে অতিরিক্ত সদস্য এনে ইঞ্জিনে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি বস্তার ভেতর থেকে আটটি প্যাকেটে ১৬ কেজি গাঁজা এবং এক বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযান শেষে রাত পৌনে ১টার দিকে নতুন চালক দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।”
আটক লোকোমাস্টারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা নুরুন্নবী।
অভিযানে আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্টেশন মাস্টার নুরুন্নবীসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।