Published : 22 Jun 2026, 09:57 PM
চার দশক পর, বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচে পেতে হয়েছে বড় হারের তেতো স্বাদ। দ্বিতীয় ম্যাচে এবার আরেক শক্ত প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ইরাক।
ফিলাডেলফিয়ায় বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায়।
কিলিয়ান এমবাপের জোড়া গোলে প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারায় ফ্রান্স। আর নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে হেরে যায় ইরাক।
আসন্ন ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:
১০
এই ম্যাচে মাঠে নামলে দশম ফুটবলার হিসেবে ফ্রান্স জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার সেঞ্চুরি করবেন এমবাপে।
সেনেগালের বিপক্ষে জোড়া গোলে অলিভিয়ে জিঁরুকে (৫৭) ছাড়িয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপে (৫৮)। জুস্ত ফঁতেনকে (১৩) ছাড়িয়ে বিশ্বকাপেও দেশের সর্বোচ্চ গোলদাতা এখন রেয়াল মাদ্রিদের এই তারকা (১৪)। তার ওপরে আছেন কেবল তিন জন- রোনালদো নাজারিও (১৫), মিরোস্লাভ ক্লোসা (১৬) ও লিওনেল মেসি (১৬)।
৪
টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয়ের হাতছানি ফ্রান্সের সামনে। এই প্রতিযোগিতায় তাদের এর আগের ১৩টি আসরের মধ্যে কেবল একবার এই স্বাদ পেয়েছিল তারা (১৯৯৮ সালে)।
৪
বিশ্বকাপে নিজেদের আগের চার ম্যাচের সবকটি হেরেছে ইরাক। ফ্রান্সের বিপক্ষেও হারলে, বিশ্বকাপের ইতিহাসে প্রথম এশিয়ান দল হিসেবে নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়বে তারা।
২
বিশ্বকাপ বাছাইপর্বে ইরাকের হয়ে ১২ গোল করেন আইমেন হুসেইন, যা তার যেকোনো সতীর্থের চেয়ে দ্বিগুণ। নরওয়ের বিপক্ষে ইরাকের একমাত্র গোলটিও করেন তিনি, যা বিশ্বকাপে তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয় গোল।
৪
সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ইরাক তাদের সবশেষ চার ম্যাচের দুটিতে জিতেছে।
১৩
সব প্রতিযোগিতা মিলিয়ে এশিয়ান দলগুলোর বিপক্ষে প্রথম ১৩ ম্যাচে অপরাজিত ছিল ফ্রান্স। কিন্তু এরপর দুটি ম্যাচেই তারা হেরেছে কোনো গোল না করে; চীন ও জাপানের বিপক্ষে ১-০ গোলে।
১
এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হবে ফ্রান্স ও ইরাক।