Published : 22 Jun 2026, 12:16 PM
বিশ্বকাপে ‘হাইড্রেশন ব্রেক’ ব্যাপারটির সঙ্গে মানিয়ে নিতে এখনও কিছুটা হিমশিম খাচ্ছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের মতে, দুই অর্ধে বাড়তি দুটি বিরতির কারণে ম্যাচ খণ্ডিত হয়ে পড়ছে, যা তুলনামূলক দুর্বল দলটিকে কখনও কখনও প্রথমার্ধের দ্বিতীয় ভাগে সুবিধা করে দিচ্ছে।
ফুটবলারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচে তিন মিনিটের পানীয় বিরতি যোগ করেছে ফিফা। দুই অর্ধের মাঝামাঝি সময়ে এই বিরতি দেওয়া হয় এবং আবহাওয়ার অবস্থা যেমনই থাকুক, প্রতিটি ম্যাচেই এটি বাধ্যতামূলকভাবে নেওয়া হচ্ছে।
বাড়তি এই দুটি বিরতি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে অনেক। প্রায় প্রতি ম্যাচেই বিরতির সময় দর্শকেরা দুয়ো দিচ্ছেন। নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক, উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা ও বিশেষজ্ঞদের অনেকেই কড়া সমালোচনা করেছেন এটি। এই নিয়মের পক্ষেও আছেন আবার অনেকে।
স্কালোনি এটির পক্ষে বা বিপক্ষে সরাসরি কিছু বলেননি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরলেন এই বিরতির কিছু প্রভাব।
“কোনো ম্যাচই সহজ নয়, বিশেষ করে গ্রুপ পর্বে। ঐতিহ্যগতভাবে তো বটেই, এমনকি এখন ৪৮-দলের ফরম্যাটের কারণেও গ্রুপ পর্ব কঠিন। এছাড়া এই তীব্র গরম এবং শরীরকে সতেজ রাখার বিরতির কারণে খেলা বারবার থামছে। সম্ভবত এটি দুর্বল দলগুলোকে কিছুটা সুবিধা করে দেয়, কারণ তারা ভুলগুলো শুধরে নেওয়ার এবং মানিয়ে নেওয়ার জন্য সময় পায়।”
“আরও বেশি সময় পাওয়ার জন্যই মূলত এটা করা হয়, কিন্তু এতে খেলাটা খণ্ডিত হয়ে যায়। খেলাটা চার কোয়ার্টারের, তারপর মাঝবিরতিতে ফুটবলারদের মাঠ ছেড়ে আসা এবং ফিরে যাওয়ার মাঝে তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা মাত্র তিন মিনিট সময় পাই।”
পিছিয়ে থাকা দলগুলির বাড়তি সুবিধার কথা বলে পরে অবশ্য কিছুটা শুধরে নিলেন স্কালোনি। অন্য আরেকটি দিকও তুলে ধরে বিশ্বকাপজয়ী কোচ বললেন, সময়ের সঙ্গে হয়তো এই বিরতি স্বাভাবিক হয়ে উঠবে।
“দুর্বল দলের সুবিধার কথা বলায় হয়তো অনেকে ভুল বুঝতে পারে। এটি আসলে আক্রমণাত্মক দলকেও সহায়তা করে ভুল শুধরে নিতে। তবে এর সঙ্গে মানিয়ে নিতে অদ্ভুত লাগছে। আমার মাথায় যা কিছু আছে, এই ২২-২৩ মিনিটের ওপর নির্ভর করে তা বদলে যেতে পারে।”
“একটা সময় অন্য যেকোনো ধারার মতো এটিও স্বাভাবিক হয়ে উঠবে। আপাতত, এটা অস্বাভাবিক লাগছে, কারণ খেলার স্বাভাবিক গতিটা খুবই ভেঙে যাচ্ছে। আমরা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা করি। ম্যাচগুলো বিভিন্নভাবে এগোয়, এমনকি শুধু প্রথমার্ধের মধ্যেই। আমি নিশ্চিত যে, এর উন্নতি হবে।”
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে।