Published : 30 Jun 2026, 05:43 PM
অনেক কোচ নকআউটে এসে গ্রুপ পর্বের ছকে থাকতে চান না। রক্ষণে একটু বেশি জোর দেওয়া, সাবধানী ফুটবল খেলে ফল তুলে নেওয়ার দিকে দেন মনোযোগ। দিদিয়ে দেশোঁ সে দলে নেই। সুইডেনের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ সামনে রেখে, ফরাসি কোচ বললেন, আগ্রাসী ফুটবলই খেলবে তার দল।
উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষে ষোলোয় ওঠার লড়াইয়ে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় সুইডেনের মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ফ্রান্স। কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে- আক্রমণভাগে এই ত্রয়ীর উপস্থিতিতে নিউ ইয়র্কের লড়াইয়ে ‘ফেভারিট’ দেশোঁর দলই।
এই আসরেরই ‘ফেভারিট’ দলগুলোর একটি ফ্রান্স; গ্রুপ পর্বে তারা প্রতিপক্ষের রক্ষণে ঝড় বইয়ে দিয়েছে। তিন ম্যাচে দলটি ১০ গোল দিয়ে, হজম করে ২টি। দুই ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপে। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন দেম্বেলে।
নকআউট পর্বে আক্রমণাত্মক ফুটবল খেলে সাফল্যের চূড়ায় পৌঁছানোর অতীতও আছে ফ্রান্সের। ২০১৮ সালে সবশেষ বিশ্বকাপ জয়ের পথে, নকআউটে তারা গোল করেছিল ১১টি, হজম করেছিল ৫টি। ২০২২ সালেও এ ধাপে তাদের করা গোলের সংখ্যা ছিল ১০টি; হজম ৫টি। অবশ্য লুসাইলের ফাইনালে ৩-৩ সমতার পর টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স। এবারের আসরে নকআউট পর্বে যে, ফ্রান্সের কৌশলে বদল আসছে না, তা স্পষ্ট করেই বললেন দেশোঁ।
“কিছু মানুষ জিজ্ঞেস করেছিল, আমরা কি ওই একইভাবে (আক্রমণাত্মক) খেলতে পারব? এটা আমরা চার বছর আগেও করেছি, ভিন্ন ভিন্ন খেলোয়াড় নিয়ে। আমাদের পদ্ধতিটা একই রকম ছিল। অন্য দলগুলোও এটা করে।”
“বল আমাদের পায়ে থাকলে কোনো সমস্যা নেই। তবে যখন থাকবে না, আমাদের কার্যকরী হতে হবে। প্রতিপক্ষকে বিপদে ফেলার এবং তাদের আঘাত করার সামর্থ্য আমাদের আছে এবং এটাই আমাদের শক্তি; আমি চাই, আমরা যেন এই শক্তির জায়গাটা ধরে রাখি।”
ফ্রান্সের মতো গ্রুপের সবগুলো ম্যাচ জিতে নকআউটে আসেনি সুইডেন। তিউনিসিয়াকে ৫-১ গোল উড়িয়ে শুরুর পর, একই ব্যবধানে তারা হেরেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। শেষ ম্যাচে জাপানের সাথে ১-১ ড্র করে তৃতীয় সেরা আট দলের একটি হয়ে গ্রুপ পার হয় তারা। কঠিন গ্রুপ পেরিয়ে আসার স্বস্তি নিয়ে সুইডেন কোচ গ্রাহাম পটার বললেন, ফ্রান্সকে হারাতে তার দলকে খেলতে হবে সেরা ফুটবল।
“আমরা একটা কঠিন গ্রুপ পেরিয়ে এখানে এসেছি। আমি মনে করি, নেদারল্যান্ডস ম্যাচ আমাদের জন্য আসলেই শক্ত একটা উদাহরণ হতে পারে, যে অভিজ্ঞতা থেকে শিখব, আমরা কতটা উন্নতি করতে পারি। আমার মনে হয়, আমাদের তা করতে হবে।”
“আমার মনে হয়, (ফ্রান্সকে হারাতে) আমাদের সেরা ফুটবল খেলার প্রয়োজন হবে। এটাই রোমাঞ্চ, এটাই ফুটবল এবং এ কারণে, এখানে আমরা।”