Published : 16 Jul 2026, 08:15 AM
স্রেফ সাত মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ইংল্যান্ড। যোগ করার সময়ের শেষ দিকে চেষ্টা করলেও, ঘুরে দাঁড়ানোর পথটা তারা খুঁজে পায়নি কোনোভাবে। ম্যাচে শেষের প্রতিক্রিয়ায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও বললেন, ওই দুই গোল দিকহারা করে দিয়েছিল তাদের।
বিশ্বকাপের সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইংল্যান্ড। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখে, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে উঠেছে শিরোপা ধরে রাখার অভিযানে আসা আর্জেন্টিনা।
আটলান্টায় ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ব্যবধান দ্বিগুণের চেষ্টা সেভাবে না করলেও, ওই গোল আগলে রেখে জয়ের পথে ছুটছিল টমাস টুখেলের দল। ৮৫তম মিনিটে ইংল্যান্ডের ফাইনাল খেলার স্বপ্ন প্রথম ধাক্কা খায় বক্সের বাইরে থেকে এন্সো ফের্নান্দেস দৃষ্টিনন্দন শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করলে।
এরপর, ইংল্যান্ডকে চেপে ধরে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে আর্জেন্টিনা। ৯ মিনিটের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রসকে গোলে রূপ দেন লাউতারো মার্তিনেস। এই ব্যবধান আর ঘোঁচাতে পারেনি ইংল্যান্ড। ফাইনালের এত কাছে এসেও, খালি হাতে ফেরার হতাশা ঝরল দলটির অধিনায়কের কণ্ঠে।
“তারা দুই গোল করার পর, আমরা ঘুরে দাঁড়ানোর পথ খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু ম্যাচে ফেরার ছন্দটা আর ফিরে পাইনি।”
এই হারে দ্বিতীয় বিশ্বকাপের অপেক্ষাও বাড়ল ইংল্যান্ডের। প্রথম শিরোপাটি তারা জিতেছিল ১৯৬৬ সালে, ঘরের মাঠে।