Published : 15 Jul 2026, 08:41 PM
লামিন ইয়ামাল যখন ফ্রান্স ম্যাচ নিয়ে ব্যস্ত, তখন তার বার্সেলোনার বাড়িতে হানা দিয়েছিল চোর। তবে, তার ব্যক্তিগত নিরাপত্তা দলের তৎপরতায় চোরেরা সফল হতে পারেনি। পুলিশ এখন মুখোশধারী দুই চোরকে খুঁজছে।
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। ডালাসের এই ম্যাচের আগে, ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা করে দুই মুখোশধারী। তবে, এই ফরোয়ার্ডের নিরাপত্তাকর্মীরা ছিল সতর্ক।
ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুই মুখোশধারী বাড়িল দেয়াল টপকানোর চেষ্টা সিসিটিভিতে ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে, বার্সেলোনা ফরোয়ার্ডের নিরাপত্তা দল বিষয়টি স্থানীয় পুলিশকে, বিশেষ করে মোসোস দ’এসকুয়ান্দ্রাকো কর্তৃপক্ষকে জানায়। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই অবশ্য সটকে পড়ে চোরেরা। ফলে, ইয়ামালের মূল্যবান কোনো কিছুই খোয়া যায়নি।
এ বিষয়ে তদন্ত চলছে। সন্দেহভাজন ওই দুই চোরকে খুঁজেছে পুলিশ। তারা আশা করছে, এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে সিসিটিভি ফুটেজ থেকে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এক গোল করা ইয়ামাল সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই এই তরুণ ফরোয়ার্ড তার জীবন ও বিলাসবহুল নানা সামগ্রীর ছবি পোস্ট করেন। ফলে, অপরাধী গোষ্ঠীর লক্ষ্যে পরিণত হয়েছেন তিনি।
বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকার সময়ে বাড়িতে চোরের হানা, খেলোয়াড়দের জন্য হয়ে দাঁড়িয়েছে উদ্বেগের কারণ।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।