Published : 15 Jul 2026, 10:16 PM
নরসিংদীর বেলাব উপজেলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজমল ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হোসেন নগরে শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতা যুদ্ধে আজমলের বীরত্বপূর্ণ অবদান এবং ত্যাগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, আজমল ভূঁইয়া শুধু দেশের বীর সন্তানই ছিলেন না বরং শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে শিক্ষার আলো ছড়াতেও অসামান্য অবদান রেখে গেছেন। তার এই নিঃস্বার্থ অবদান কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে।
শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেনের পরিচালনায় সভায় সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীমন্ত লাল পাল, শিক্ষানুরাগী হাজী মো. রহমত আলি মোল্লা, বেলাবো উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা, মহিলা পরিষদ বেলাবো উপজেলার সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, মো. মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে প্রয়াত আজমলের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় দেশের স্বাধীনতা ও কল্যাণে অবদান রাখা সব শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
এর আগে ১১ জুলাই বাধ্যর্কজনিত কারণে আজমল ভূঁইয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।