Published : 15 Jun 2026, 08:17 AM
বিশ্বকাপে নিজেদের ফেভারিট মনে না করলেও, দল নিয়ে বড় স্বপ্নই দেখছেন ভিতিনিয়া। আত্মবিশ্বাসী কণ্ঠে পর্তুগিজ তারকা মিডফিল্ডার বলেছেন, বিশ্ব মঞ্চে অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে তাদের।
মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বে উত্তর আমেরিকা বিশ্বকাপে খেলবে পর্তুগাল। শুধু রোনালদোই নয়, দলটির প্রতিটি বিভাগেই আছে তারকা ও অভিজ্ঞতায় পূর্ণ সব খেলোয়াড়। তাদেরই একজন ভিতিনিয়া।
ক্লাব ফুটবলে দুর্দান্ত সময় কাটিয়ে বিশ্ব মঞ্চে খেলতে যাচ্ছেন তিনি। টানা দুইবার চ্যাম্পিয়ন লিগ জয়ী পিএসজির মাঝমাঠের বড় ভরসা ভিতিনিয়া। গত মৌসুমে লিগ আঁয় দলটির হয়ে ২৪ ম্যাচে শুরুর একাদশে খেলেন তিনি। সাতটি অ্যাসিস্টের পাশাপাশি গোল করেন একটি।
ফরাসি চ্যাম্পিয়নদের ইউরোপ সেরার মুকুট ধরে রাখার পেছনে ভিতিনিয়ার ছিল বড় অবদান। আসরে ১৭ ম্যাচের সবগুলোতে শুরুর একাদশে ছিলেন তিনি; ছয়টি গোল করেন, অ্যাসিস্ট করেন একটি। এবার বিশ্বকাপে ২৬ বছর বয়সী এই ফুটবলারের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা তার দেশের মানুষের।
২০১৬ আসরের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেনি। বিশ্ব মঞ্চে তাদের সর্বোচ্চ সাফল্য তৃতীয় হওয়া, ১৯৬৬ সালে। চার বছর আগে কাতারের আসরে তারা বিদায় নিয়েছিল কোয়ার্টার-ফাইনালে থেকে। ওই আসরে খেলেছিলেন ভিতিনিয়াও।
আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। নিজেদের সামর্থ্যের কথা তুলে ধরে ভিতিনিয়া বলেন, এবার অনেকদূর যাওয়ার স্বপ্ন দেখছেন তারা।
“আমি বলব না, আমরা ফেভারিট। তবে টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার মতো মান ও সামর্থ্য আমাদের আছে।”
“আমরা জানি, সঠিক পথ হলো বিনয়ী থাকা এবং পারফর্ম করা। আমাদের দলে প্রতিভা আছে, এখন কেবল টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলোর সমন্বয় প্রয়োজন।”
বিশ্বকাপ দলে প্রতীকী ‘সদস্য’ হিসেবে প্রয়াত ফরোয়ার্ড দিয়োগো জটাকে রেখেছে পর্তুগাল। ভিতিনিয়া জানিয়েছেন, বিশ্ব মঞ্চে সাবেক সতীর্থের স্মরণে ‘রিস্টব্যান্ড’ পরে মাঠে নামবেন তারা, যেখানে দলের বর্তমান সকল সদস্যের নামের পাশাপাশি জটার নামও খোদাই করা আছে। পর্তুগাল দলকে এটা উপহার দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রো।
গত বছরের জুলাইয়ে এক গাড়ি দুর্ঘটনায় ২৮ বছর বয়সে মারা যান জটা। পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড কখনও বিশ্বকাপে খেলতে পারেননি। পায়ের মাংসপেশির চোটে ২০২২ সালের বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙেছিল তার।
এবারের বিশ্বকাপে ‘কে’ গ্রুপে পর্তুগালের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।