Published : 27 Jun 2026, 12:20 PM
বিশ্বকাপে কেইপ ভার্ডের স্বপ্নময় পথচলা আরও দীর্ঘ হলো। ইতিহাসের ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্ব আসরের নকআউটে জায়গা করে নিল দলটি। সেখানে আবার তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভয় কিংবা শঙ্কা নয়, রোমাঞ্চ নিয়ে ম্যাচটির অপেক্ষার তারা। মেসি-আলভারেসদের বিপক্ষেও ভালো কিছু করার স্বপ্ন দেখছেন দলটির মিডফিল্ডার দেরয় দুয়ার্তে।
শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ সময় সকালে সৌদি আরবকে রুখে দেয় নবাগত কেইপ ভার্ড। গোলশূন্য ড্র করে বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা করে নেয় তারা। ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে স্পেনের বিপক্ষে উরুগুয়ের পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে পরের ধাপে উঠে আফ্রিকার দলটি।
আসর জুড়েই একের পর চমক দেখিয়ে যাচ্ছে ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে আসা কেইপ ভার্ড। বিশ্ব মঞ্চে অভিষেক ম্যাচেই অবাক করে দেয় তারা সবাইকে। আসরের ফেভারিটদের একটি স্পেন, যারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে করে গোলশূন্য ড্র!
প্রথম ম্যাচ দিয়েই আলোচনা উঠে আসা কেইপ ভার্ড পরের ম্যাচে যেন আরও দুর্দান্ত। দারুণ খেলে ২-২ গোলে ড্র করে তারা লাতিন শক্তি উরুগুয়ের সঙ্গে। আটলান্টিক মহাসাগরের ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট দেশটিই এবার সৌদি আরবকে রুখে দিয়ে উঠে গেল নকআউটে।
এবারের বিশ্বকাপের বিস্ময় তো এই কেইপ ভার্ডই!
৭ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন। ২ পয়েন্ট পাওয়া উরুগুয়ে ও এক পয়েন্ট পাওয়া সৌদি আরবের বিশ্বকাপ শেষ গ্রুপ পর্বেই।
প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ও শক্তিতে এগিয়ে থাকা আরেক প্রতিপক্ষকে রুখে দেওয়ার আনন্দে যেন আত্মহারা কেইপ ভার্ডের সবাই। স্বাভাবিকভাবেই স্বপ্নের ঘোরে আছে দলটির খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরাও।
ম্যাচ সেরা হওয়া দুয়ার্তের কণ্ঠে তা স্পষ্ট হলো আরও।
“আমার মনে হচ্ছে, স্বপ্ন দেখছি। ছোটবেলা থেকেই সবসময় বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল।”
আপাতত ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করতে চান দুয়ার্তে। বললেন, আর্জেন্টিনাকে নিয়ে পরে ভাববেন তারা।
“আগামীকাল থেকে আমরা পরের ম্যাচের দিকে মনোযোগ দেব। আর্জেন্টিনার বিপক্ষে লড়াই, তাই না? কঠিন একটি ম্যাচ। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে, সবকিছুই সম্ভব।”
হিউস্টনে এদিন বেশিরভাগ সমর্থকরা যখন মাঠে ছেড়ে চলে যান, তখনও মাঠে রয়ে যান কেইপ ভার্ডের কয়েকজন খেলোয়াড়। প্রায় ৫ লক্ষ জনসংখ্যার এই ছোট্ট দেশের জন্য স্মরণীয় মুহূর্তটি ধরে রাখতে তারা ছবি তুলছিলেন, একে অপরকে জড়িয়ে ধরছিলেন এবং গায়ে পতাকা জড়াচ্ছিলেন।
কেইপ ভার্ডের ফরোয়ার্ড দাইলোঁ লিভ্রামেন্তোর মতে, সৌদি আরবের বিপক্ষে নিজস্ব কৌশলে খেলার চেষ্টা করেছে তারা। কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। তবে আর্জেন্টিনার বিপক্ষে এমন সুযোগগুলো নষ্ট না করে ফিনিশিংয়ে জোর দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
“আমরা ফুটবল খেলতে চেয়েছি, নিজেদের ঘরানায় খেলার চেষ্টা করেছি। এই ম্যাচটিতে আমরা সেটা দেখাতে পেরেছি।”
“দিনশেষে আমরা দেখব, কোথায় আরও উন্নতি করা যেত-যেমন আক্রমণগুলো সফলভাবে শেষ করা। তবে সেটা পরের ম্যাচের বিষয়। আপাতত, আমরা কেবল উদযাপন করতে চাই।”
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেইপ ভার্ড। ম্যাচটি হবে মায়ামিতে, যে শহরকে এখন মেসির শহরও বলা যায়। ইন্টার মায়ামিতে খেলে যে শহরকে আপন করে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।