Published : 14 Jun 2026, 06:32 PM
আত্মবিশ্বাসের কমতি নেই একুয়েডরের। টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে উত্তর আমেরিকা বিশ্বকাপের মঞ্চে এসেছে তারা। মূল অভিযান শুরুর আগে একটা জায়গায় অবশ্য একটু দুর্ভাবনা আছে। গত বিশ্বকাপে আফ্রিকার দল সেনেগালের বিপক্ষে হেরে তাদের বিদায়ঘণ্টা বেজেছিল গ্রুপ পর্ব থেকে। এবার আসরের শুরুতেই দেখা হচ্ছে আফ্রিকার আরেক দল কোত দি ভোয়ার।
একুয়েডর কোচ সেবাস্তিয়ান বেক্কাচেচে অবশ্য গত আসরের সেই ব্যর্থতাকে পাত্তা দিচ্ছেন না একেবারেই। ‘ই’ গ্রুপের ম্যাচে ফিলাডেলফিয়ায় সোমবার কোত দি ভোয়ার বিপক্ষে দল ভরপুর আত্মবিশ্বাস নিয়ে নামবে, আশাবাদী এই আর্জেন্টাইন কোচ।
“এই অবস্থানে আসতে পেরে আমরা দারুণ শিহরিত এবং কৃতজ্ঞ। আমরা মনোযোগী। মাঠের ভেতরে-বাইরে কী করতে হবে, সেটা আমরা জানি। দলের প্রাণশক্তি চমৎকার এবং এটা যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে সেরা ফল বের করে আনতে পারব।”
“ইতিহাস কোনো গুরুত্ব বহন করে না। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা ঐক্যবদ্ধ এবং সুসংহত, প্রতিশ্রুতিবদ্ধ এবং কী ধরনের কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, সে বিষয়ে অবগত।”
২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের হার ছিল একুয়েডর কোচ হিসেবে বেক্কাচেচের প্রথম ম্যাচ। এরপর থেকে দুর্বার গতিতে ছুটছে তারা। বিশ্বকাপ বাছাইয়ে ১৮ ম্যাচে তারা ছিল অপরাজিত। ১৪ গোল দিয়ে হজম করেছিল মাত্র পাঁচটি।
বাছাইয়ে গোল করার ওই সংখ্যাতেই ফুটে উঠছে ফিনিশিংয়ে দলটির সাদামাটা অবস্থা। কোত দি ভোয়া ম্যাচে আরও আক্রমণাত্মক ও ভালো ফুটবল খেলার প্রত্যাশা বেক্কাচেচের।
“এই দলটি আমার সব চাওয়াই পূরণ করছে। এখন আমাদের মনোযোগ দিতে হবে, আমরা কীভাবে আরও ভালোভাবে আক্রমণ শাণাতে পারি, মাঠে ফাঁকা জায়গা কাজে লাগাতে পারি এবং আরও ভালোভাবে করতে পারি নিজেদের কাজগুলো।”
“আমরা সবশেষ ১৯ ম্যাচ হারিনি। আমাদের সাম্প্রতিক ইতিহাস শক্তিশালী, এখন আমাদের সেটা দেখাতে হবে বিশ্বকাপের মঞ্চে। আমরা সেরাটা নিংড়ে দিয়ে শুরুটা ভালো করতে এবং নিজেদের কাছে আরও ভালো পারফরম্যান্সের দাবি রাখতে চাই।”