Published : 14 Jun 2026, 07:33 PM
বরিশাল সরকারি ব্রজমোহন-বিএম কলেজের এক শিক্ষার্থী বান্ধবীর অনুরোধে ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। এই ঘটনায় প্রথমে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।
পরে দুধ দিয়ে গোসল করিয়ে তাকে আর্জেন্টিনা সমর্থক হিসেবে বরণ করা হয় এবং আর্জেন্টিনা দলের জার্সি পরিয়ে দেওয়া হয়।
রোববার কলেজের জিরো পয়েন্টের সামনে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এ ঘটনা ঘটে।
তাওহিদুল ইসলাম কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আর্জেন্টিনা সমর্থক বন্ধুরা জানান, তাওহিদুল ইসলাম দীর্ঘদিন ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। সম্প্রতি তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে আর্জেন্টিনার সমর্থক হওয়ার কথা জানান।
এ পরিবর্তনকে ঘিরে বন্ধুরা তাকে স্বাগত জানাতে দুটি প্লাস্টিকের বোতলে দুধ এবং একটি আর্জেন্টিনা দলের জার্সি নিয়ে আসেন। পরে সেই দুধ দিয়ে তাকে গোসল করানো হয় এবং গোসল শেষে আর্জেন্টিনা দলের জার্সি পরিয়ে দেওয়া হয়।
এ সময় ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্লোগান, করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে তারা নতুন সমর্থককে বরণ করে নেয়।
তাওহিদুল ইসলাম বলেন, “আমি ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু বর্তমানে ব্রাজিলের জার্সি পরে ইভটিজিং ও চুরির মতো ঘটনা ঘটে। তাই জার্সি ও দলকে ঘৃণা করছি। এ ছাড়া আমার এক বান্ধবী আর্জেন্টিনার কট্টর সমর্থক। তার অনুরোধ এবং বন্ধুদের উৎসাহে থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হয়েছি।”
তাওহিদুলের এক বন্ধু মো. আলী আজিম খান বলেন, “তাওহিদুলকে আমি বাল্যকাল থেকে চিনি। সে একজন ভুয়া ও মৌসুমী সমর্থক ছিল। সে ব্রাজিলের পাঁচজন খেলোয়াড়ের নামও বলতে পারবে না। সে তার বান্ধবীর চাপে (হয়তো তার প্রেমিকাও হতে পারে) আর্জেন্টিনার জার্সি পরছে। সে ভুয়া ও টাউট।”