Published : 28 Jun 2026, 01:59 PM
গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতেই পর্তুগালের পারফরম্যান্স হতাশাজনক। ক্রিস্তিয়ানো রোনালদোর ফর্মও অধারাবাহিক। কিন্তু তার জনপ্রিয়তা বরাবরের মতোই তুঙ্গে। সেটির প্রমাণ দেখা গেল যেন টিকেটের দামে। দ্বিতীয় রাউন্ডের লাইন-আপ ঠিক হওয়ার পরই পুনঃবিক্রয় প্ল্যাটফর্মগুলোতে পর্তুগাল-ক্রোয়েশিয়ার ম্যাচের টিকিটের দাম হয়ে গেছে আকাশছোঁয়া।
টরন্টোতে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর ৪টায় শুরু ম্যাচটি। মূল্য-পর্যবেক্ষণকারী ওয়েবসাইট টিকেটডেটার তথ্য অনুযায়ী, এই ম্যাচে সবচেয়ে সস্তা টিকিটের গড় দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ সময় রোববার সকালে মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ড্র করায় ‘কে’ গ্রুপে দ্বিতীয় হয়ে পর্তুগাল সামনে পায় ক্রোয়েশিয়াকে।
গত বিশ্বকাপে তৃতীয় ও এর আগের আসরে রানার্স আপ ক্রোয়েশিয়া এবার শুরুটা ভালো করেনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা ৪-২ গোলে। পরে পানামা ও ঘানাকে হারিয়ে ‘এল’ গ্রুপে দ্বিতীয় হয় তারা।
রোনালদো ছাড়াও এই ম্যাচের আরেক আকর্ষণ তার দীর্ঘদিনের রেয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদ্রিচ।
আগামী ২ জুলাই রাউন্ড অফ ৩২-এর ম্যাচে পর্তুগাল টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচে রোনালদো খেলবেন রিয়াল মাদ্রিদে তার পুরোনো সতীর্থ লুকা মড্রিচের বিপক্ষে।
টিকেটডেটার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত সেকেন্ডারি পুনঃবিক্রয় ওয়েবসাইটগুলোতে সবচেয়ে সস্তা টিকিটের গড় দাম ছিল ৩ হাজার ২২৫ ডলার, যা শেষ বত্রিশের অন্য সব ম্যাচের চেয়ে বেশি।
টিকেটডেটা তাদের ওয়েবসাইট অনুসারে, স্টাবহাব এবং ভিভিড-এর মতো পুনঃবিক্রয় প্ল্যাটফর্মগুলো থেকে তথ্য সংগ্রহ করে।
পর্তুগাল ও কলম্বিয়ার ম্যাচ শুরুর আগের তুলনায় টিকিটের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছে, যা ফিফার এই বছরের ডায়নামিক মূল্য নির্ধারণ পদ্ধতিকে ফুটিয়ে তুলছে।
এই পদ্ধতিতে চাহিদা অনুযায়ী টিকেটর দামক ওঠানামা করে। যুক্তরাষ্ট্রে কনসার্ট এবং ক্রীড়ায় এটি নিয়মিত চর্চা। এবারের বিশ্বকাপেও এই কারণে গ্রুপ পর্বের খেলার পুনঃবিক্রয়কৃত টিকিটের দাম ১ হাজার ডলারের ওপরে উঠে গিয়েছিল।
ফিফা ভক্তদের শুধুমাত্র তাদের নিজস্ব অফিসিয়াল পুনঃবিক্রয় প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য অনুরোধ করেছে এবং বলেছে যে, তাদের পুনঃবিক্রয় ও বিনিময় মার্কেটপ্লেসটিই একমাত্র প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তারা টিকিটের সঠিক ডেলিভারি নিশ্চিত করতে পারে।