Published : 29 Jun 2026, 12:11 PM
শেষ বত্রিশের ম্যাচের আগেও সারেনি তাকেফুসার কুবো হাঁটুর চোট। ব্রাজিলের বিপক্ষে এই তারকা উইঙ্গারকে পাচ্ছে না জাপান।
হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন, এই ম্যাচে খেলবেন না কুবো।
নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচে হাঁটুতে চোট পান ‘জাপানের মেসি’ নামে পরিচিত কুবো। পরে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে খেলেননি তিনি। রোববার একা অনুশীলন করেন এই ফুটবলার।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কুবোর খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন জাপান কোচ।
“সে কেবল একা দৌড় ও অনুশীলন শুরু করেছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলছে না। আমরা চাই, দ্রুত সে ঠিকঠাক সেরে ওঠুক, সে নিজেও সেটাই চায়।”
কুবোকে ছাড়াই ‘এফ’ গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে জাপান। টানা তৃতীয় ও সবশেষ পাঁচ আসরে চতুর্থবার নকআউট পর্বে খেলতে যাওয়া দেশটির সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সেটা ভালোভাবেই জানেন মরিয়াসু।
“ব্রাজিল সবসময়ই শীর্ষস্থানীয় একটি দল। তাদের জেতার খুব ভালো সম্ভাবনা আছে। কিছু মানুষ হয়তো বলবে, জাপান আন্ডারডগ। আমরা সেটা মনে রেখে খেলব।”
“আমরা প্রতিপক্ষকে সম্মান করি কিন্তু গত বছর (প্রীতি ম্যাচে) আমাদের জেতার সুযোগ দেওয়া হয়নি। এবার এই যে জেতার সম্ভাবনা- আমরা ইতিহাস বদলাতে পারি।”