Published : 04 Jun 2026, 04:31 PM
চোট কাটিয়ে পুরোপুরি সেরে ওঠার লড়াইয়ে থাকা লামিনে ইয়ামাল ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না, নিশ্চিত করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে তার বিশ্বাস, বিশ্বকাপ অভিযান শুরুর আগেই মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে যাবেন তারকা ফরোয়ার্ড।
লা করুনায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটায় ইরাকের বিপক্ষে মাঠে নামবে স্পেন। আগের দিন দে লা ফুয়েন্তে জানিয়ে দেন, এই ম্যাচে পাওয়া যাবে না ইয়ামালকে।
আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে স্প্যানিশদের। এই ম্যাচের আগে আক্রমণভাগের মূল অস্ত্রকে ফিরে পাওয়ার আশায় আছেন স্পেন কোচ, যদিও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তিনি।
“যদি কোনো কিছু পরিবর্তন না হয়, তাহলে ১৫ জুনের ম্যাচের জন্য সে প্রস্তুত থাকতে পারে। এর অর্থ এই নয় যে, সে খেলবেই, আমরা দেখব। হয়তো কিছু সময় খেলবে, হয়তো শুধু অনুশীলন করবে, যাতে সে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে পারে।”
“তার শারীরিক অবস্থার মূল্যায়ন করতে হবে আমাদের।”
গত ২২ এপ্রিল লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের ম্যাচে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ইয়ামাল। পেনাল্টি থেকে গোল করার পরই উদযাপনের সময় ডাগআউটের দিকে হাত উঁচিয়ে ইঙ্গিত দেন পায়ে টান লাগার।
পরদিন পরীক্ষায় তার বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ার কথা জানায় বার্সেলোনা। ফলে মৌসুমের বাকি অংশে তিনি খেলতে পারেননি।
এই চোটের কারণে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা তার মনে ভর করেছিল। সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হলেও, দুর্ভাবনা এখনও পুরোপুরি কাটেনি।
আগামী সোমবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা, পেরুর বিপক্ষে।