Published : 04 Jun 2026, 05:54 PM
জামালপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জামালপুর সদর থানার এসআই মোহাম্মদ এমদাদুল হক।
মৃত ২২ বছর বয়সী তাহমিদ হাসান রাফি শহরের বনপাড়া এলাকার জাকারিয়া হাসান মুক্তির ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রাফির বাবা জাকারিয়া হাসান মুক্তি বলেন, “দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে যায় রাফি। এক পর্যায়ে পানিতে ডুবে যায় সে। পরে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।”

রাফির বন্ধু রাকিব বলেন, গোসলের সময় হঠাৎ করেই রাফিকে আর দেখতে পাননি তারা। পুকুরঘাটে তার চশমা, মানিব্যাগ, জার্সি ও স্যান্ডেল পড়ে ছিল। পরে সবাই মিলে পানিতে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই রাফির মৃত্যু হয়েছিল।
জামালপুর সদর থানার এসআই মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।