১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রেয়াল প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে আইনী ব‍্যবস্থা নেওয়ার কথা ভাবছে সিটি

তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে নিয়ে এনরিকে রিকুয়েমের কাণ্ডে বেজায় চটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

রেয়াল প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে আইনী ব‍্যবস্থা নেওয়ার কথা ভাবছে সিটি
রেয়াল মাদ্রিদের সভাপতি পদ প্রার্থী এনরিকে রিকুয়েমে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 05:58 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

নির্বাচিত হলে আর্লিং হলান্ডকে সান্তিয়াগো বের্নাবেউয়ে নিয়ে আসবেন, রেয়াল মাদ্রিদ সভাপতি প্রার্থী এনরিকে রিকুয়েমের এই মন্তব‍্যে চটেছে ম‍্যানচেস্টার সিটি। তরুণ ব‍্যবসায়ীর বিরুদ্ধে আইনী ব‍্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

লম্বা সময় ধরে রেয়ালের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ফ্লোরেন্তিনো পেরেসের বিরুদ্ধে এবার নির্বাচনে লড়াইয়ে নেমেছেন রিকুয়েমে। বুধবার স্পেনের একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এক পর্যায়ে তার হাতে সাদা একটি জার্সি দেখা যায়, পিঠে লেখা ছিল হলান্ড।

আসন্ন বিশ্বকাপের জন‍্য এই মুহূর্তে নরওয়ে দলের সঙ্গে আছেন হলান্ড। তারকা স্ট্রাইকারের ইতিহাদ স্টেডিয়াম ছাড়ার খবর উড়িয়ে দিয়েছেন সিটির একজন মুখপাত্র।

“আর্লিং হলান্ডের ভবিষ‍্যৎ নিয়ে স্পেন থেকে যে গল্প সামনে এসেছে, তা সত‍্য নয়। এটা ঘটার কোনো সুযোগ নেই এবং এটা হওয়ার মতো কোনো ধারা চুক্তিতে নেই। আমাদের খেলোয়াড়ের নাম ব‍্যবহার করায় আমরা আইনী ব‍্যবস্থা নেওয়ার কথা ভাবছি।”

গত মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করেছেন হলান্ড। রিকুয়েমের দাবি, তারকা স্ট্রাইকারের চুক্তিতে একটি ধারা রয়েছে এবং তিনি স্প‍্যানিশ ক্লাবে আসতে চান। রোববারের নির্বাচনে জিততে পারলে এই দলবদলকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেছেন রিকুয়েমে।

হলান্ডের বাবা আলফি ও এজেন্ট রাফায়েলা পিমেন্তা এক যৌথ বিবৃতিতে এসব উড়িয়ে দিয়ে বলেছেন, ‘সত‍্য নয়।’

২০২২ সালে রেয়ালে যোগ দেওয়ার সুযোগ ছিল হলান্ডের। তবে বরুশিয়া ডর্টমুন্ড থেকে তিনি গন্তব‍্য হিসেবে বেছে নেন সিটিকে, যেখানে খেলেছেন তার বাবা।

চার মৌসুমে তৃতীয়বারের মতো গোল্ডেন বুট জয়ী হলান্ড একবার অবশ্য বলেছিলেন, একদিন তিনি রেয়ালের হয়ে খেলতে চান। তবে, সিটিতে তিনি সুখে নেই, এমন কোনো ইঙ্গিত এখন পর্যন্ত মেলেনি। গত বছর জানুয়ারিতে সাড়ে ৯ বছরের নতুন চুক্তি করেন তিনি। 

সিটির আরেক খেলোয়াড় ব‍্যালন দ’র জয়ী রদ্রিকেও রেয়ালে আনতে চাওয়ার কথা বলেছেন রিকুয়েমে। স্প‍্যানিশ মিডফিল্ডারের এজেন্টের সঙ্গে কথা বলেছেন এবং স্পেন অধিনায়ককে বের্নাবেউয়ে আনতে ‘সম্ভাব‍্য সবকিছু করার’ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

প্রায় এক লাখ ক্লাব সদস‍্য রোববারের নির্বাচনে ভোট দিতে পারবেন।