Published : 20 Jun 2026, 03:33 PM
হাইতির বিপক্ষে স্বস্তির জয় পাওয়ার ম্যাচে একটি জায়গায় ফুটবল কিংবদন্তি পেলে ও আলতাফিনির পাশে বসেছেন হায়ান ও এন্দ্রিক।
বাংলাদেশ সময় শনিবার সকালে ৩-০ গোলে জেতা ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়দের হাতে ধরা দিয়েছে কিছু অর্জন। সেগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো-
২৪১
জার্মানিকে (২৩৯) পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের চূড়ায় ফিরল ব্রাজিল। হাইতি ম্যাচের পর বিশ্ব মঞ্চে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গোল হলো ২৪১টি।
২
কেবল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে একই ম্যাচে ২০ বছরের নিচের দুই জনকে খেলাল ব্রাজিল। হাইতির বিপক্ষে হায়ান ও এন্দ্রিকের আগে ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে খেলেন পেলে ও আলতাফিনি।
২
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মাত্র দুটি শট নিতে পারে ব্রাজিল। ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপে কোনো অর্ধে যা যৌথভাবে দেশটির সর্বনিম্ন। ২০১৪ সালে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ও ওই আসরেই জার্মানির বিপক্ষে প্রথমার্ধে কেবল দুটি শট নিতে পারে ব্রাজিল।
২
২০১৪ আসরে ক্যামেরুনের বিপক্ষে নেইমারের পর ব্রাজিলের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচে প্রথমার্ধে জোড়া গোল করলেন মাথেউস কুইয়া। সব প্রতিযোগিতায় ব্রাজিলের হয়ে ২৪ ম্যাচে এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড করেছিলেন কেবল ১ গোল। এবার এক ম্যাচেই করলেন এর চেয়ে বেশি।
১২
ব্রাজিলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে গোল করলেন ভিনিসিউস জুনিয়র।
১০
কনক্যাকাফ দেশগুলোর বিপক্ষে ১০ ম্যাচ অপরাজিত ব্রাজিল। এই সময়ে জিতেছে নয় ম্যাচে, ড্র করেছে অন্যটিতে।
৫/৫
বিশ্বকাপে চতুর্থ দেশ হিসেবে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে হেরেছে হাইতি। এই তেতো অভিজ্ঞতা আছে মেক্সিকো (৯), এল সালভাদর (৬) ও কানাডার (৬)।
৭৮
ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল (৬) ও হাইতির (৮৩) মধ্যে ব্যবধান ৭৮। চলতি আসরে গ্রুপ পর্বে দলগুলোর মধ্যে যা সর্বোচ্চ।