Published : 23 Jun 2026, 05:13 PM
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি বিদ্যালয়ের নলকূপের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম জানিয়েছেন।
অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সোয়া ১০টার পর যখন শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যাচ্ছিল, ঠিক সেই সময় অনেকেই বমি করতে থাকে। পরে একে একে ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়।
এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থদের মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।
তিনি বলেন, “টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রিম উদ্ধার করা হয়েছে। আমার ধারণা, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।”
বিদ্যালয় পরিদর্শনের কথা জানিয়ে ওসি জহুরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছে, তারা অনেকটাই সুস্থ আছে।