Published : 30 Jun 2026, 12:27 AM
চলতি বিশ্বকাপে দলের ভীষণ বাজে পারফরম্যান্সের পর চেকিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মিরোস্লাভ কৌবেক। গণমাধ্যমের ওপর কিছুটা ক্ষোভও উগরে দিলেন তিনি।
তিন ম্যাচের দুটি হেরে ও একটিতে ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় চেকিয়া। আসরে কৌবেকের কিছু সিদ্ধান্ত দেশটিতে তীব্র সমালোচনার জন্ম দেয়।
কৌবেক যদিও বিশ্বকাপ ব্যর্থতার জন্য ‘মারাত্মক ভুল’ আর অতিরিক্ত ভ্রমণের ক্লান্তিকে দায়ী করেন। সোমবার দায়িত্ব ছেড়ে দেন ৭৪ বছর বয়সী এই কোচ।
“বেশ কিছু অর্ধসত্য ও মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে আমার বিরুদ্ধে গণমাধ্যমের প্রচারণাও আমার এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। এই পরিস্থিতিতে চেক জাতীয় দলের হয়ে আমার কাজ করার আর কোনো অর্থই নেই।”
২০০৬ সালের পর, বিশ্বকাপে ফিরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে অভিযান শুরু করে চেকিয়া। পরের ম্যাচে তারা ১-১ ড্র করে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আর শেষ ম্যাচে ৩-০ গোলে হেরে যায় মেক্সিকোর কাছে।
গুরুত্বপূর্ণ ওই ম্যাচে তারকা স্ট্রাইকার পাত্রিক শিককে বেঞ্চে রাখার সিদ্ধান্ত এবং আসরজুড়ে রক্ষণাত্মক কৌশলের জন্য সমালোচনার মুখে পড়েন কৌবেক।
২০২৫ সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার কোচিংয়ে সাত ম্যাচের কেবল দুটি জিততে পারে চেকিয়া।