Published : 30 Jun 2026, 12:31 AM
বরিশালের গৌরনদী উপজেলায় পিকআপের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল অরোহী নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি মহসিন হোসেন জানিয়েছেন।
নিহত মো. বাবু (৩০) মাদারীপুরের ভুরঘাটা এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- একই এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (২৫) ও মো. বাবুল (২৫)।
গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, তিনজন একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসকে তারা পাশ কাটিয়ে যেতে চান।
তখন বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন অরোহী গুরুতরভাবে আহত হয়।
আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মহাসড়ক থানার ওসি মহসিন হোসেন বলেন, দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের বাসটি ঢাকা পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আহত দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।