Published : 18 Jun 2026, 02:36 PM
সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন নেইমার। অনেক দিন ধরে মাঠের বাইরে থাকা অভিজ্ঞ ফরোয়ার্ডকে এ সময় বেশ চনমনে দেখা গেছে।
চোট কাটিয়ে বুধবার প্রথমবার দলীয় অনুশীলনে যোগ দেন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা ৩৪ বছর বয়সী এই ফুটবলার অবশ্য এখনও খেলার জন্য প্রস্তুত নন। নক আউট পর্বে তাকে পাওয়ার আশা করছে ব্রাজিল।
ব্রাজিলিয়ান তারকার অনুশীলন দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রচুর সংবাদকর্মী। সেখানে খানিকটা মজার সুরেই তাদের উদ্দেশ্যে নেইমার বলেন, “আমাকে মিস করছেন?”
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলের চোটে পড়েন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই ফরোয়ার্ড। সেরে না ওঠলেও বিশ্বকাপ দলে জায়গা হয় তার।
গত এক মাস অনুশীলন করতে পারেননি নেইমার। গত বুধবার কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে প্রথমবার রানিং ও ফিটনেস নিয়ে কাজ করেন তিনি।
ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, মেডিক্যাল স্টাফদের আশা নকআউট পর্বে মাঠে নামতে পারবেন এই তারকা। তিনি সবশেষ দেশের জার্সিতে খেলেন ২০২৩ সালে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচে এসিএল ও মেনিসকাসের চোট নিয়ে মাঠ ছাড়েন।
মরক্কোর বিপক্ষে ড্র করে আসর শুরু করা ব্রাজিল আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে হাইতির বিপক্ষে।