Published : 23 Jun 2026, 06:46 PM
ঘরের মাঠের বিশ্বকাপে অবশেষে খেলার ‘সুযোগ পাচ্ছেন’ গিয়ের্মো ওচোয়া। চেকিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেন মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক।
দুই মহাতারকা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টিনার লিওনেল মেসির মতো ষষ্ঠবার বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও, এ নিয়ে মাঠে নামবেন চতুর্থ আসরে।
২০০৬ ও ২০১০ আসরে পুরোটা সময় বেঞ্চে ছিলেন ওচোয়া। ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে খেলেন তিনি। নজরকাড়া কিছু পারফরম্যান্সও উপহার দেন এসব আসরে।
‘এ’ গ্রুপ থেকে এরই মধ্যে শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে চেকিয়ার মুখোমুখি হবে তারা। ইএসপিএন এক প্রতিবেদনে বলেছেন, এই ম্যাচে শুরুর একাদশে ওচোয়াকে রাখার পরিকল্পনা করেছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগিরে।
ম্যাচটি হবে মেক্সিকো সিটির এস্তাদিও আসতেকায়। মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্সের শক্তিশালী দল ক্লাব আমেরিকার ঘরের মাঠ এটি। ক্যারিয়ারের বেশিরভাগ সময় এই ক্লাবে কাটানো গোলরক্ষক নিজের স্মরণীয় ম্যাচ খেলবেন চেনা মাঠেই। আগামী মাসে বয়স ৪১ পূর্ণ করতে যাওয়া অভিজ্ঞ গোলরক্ষকের এটি হবে বিশ্বকাপে দ্বাদশ ও জাতীয় দলের জার্সিতে ১৫৩তম ম্যাচ।
বিশ্বকাপ শুরুর আগেই ওচোয়া জানান, এবারের আসর শেষে জাতীয় দলকে বিদায় বলবেন তিনি। সম্ভবত ফুটবলকেই বিদায় বলে দেবেন তিনি।
কনক্যাকাফ অঞ্চলের সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত হন ওচোয়া। এই অঞ্চলের সর্বোচ্চ টুর্নামেন্ট কনক্যাকাফ গোল্ড কাপের শিরোপা জিতেছেন তিনবার- ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালে। এই টুর্নামেন্টে ১৭ ম্যাচ খেলেছেন, এর ১৪টিতে জিতেছে মেক্সিকো, ড্র করেছে দুটিতে আর হেরেছে একটিতে।
বুধবারের ম্যাচের পর নকআউট পর্বের প্রথম লড়াইয়ের জন্য আপাতত মেক্সিকো সিটিতেই থাকবে সহ-আয়োজকরা। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে তৃতীয় পজিশনে থেকে শেষ ৩২ ওঠা একটি দল। তাদেরকে হারাতে পারলে শেষ ষোলোর ম্যাচও মেক্সিকো খেলবে এই শহরেই।