‘ফুটবল খেলাকে’ কেন্দ্র করে সিলেটে ছুরি মেরে স্কুলছাত্রকে হত্যা
পুলিশ জানায়, নগরীর কাজিরবাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে নগরীর কাজিরবাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানিয়েছেন।
নিহত মো. রিফাত আহমেদ (১৫) নগরীর খাসদবীর এলাকার মিজবাহ উদ্দিনের ছেলে। সে দ্বীপশিখা স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ জানায়, নগরীর একটি ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে রিফাতসহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ছুরিকাঘাতের পর স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা মনজুরুল বলেন, “এই ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসাপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
