Published : 26 Jul 2026, 03:35 PM
বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর, প্রথমবার ক্লাবের হয়ে মাঠে নামলেন নেইমার। দলকে জেতাতে না পারলেও, করলেন জোড়া গোল। অবশ্য তার নৈপুণ্যেই লিগ টেবিলের তলানির দল শাপেকোয়েন্সের বিপক্ষে হার এড়ায় সান্তোস।
ব্রাজিল সেরি আয় বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ হওয়া ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
প্রথমার্ধে পাসিং ফুটবলে শাণানো দারুণ এক আক্রমণে, ডি-বক্সে সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করে জোরাল নিখুঁত শটে দলকে এগিয়ে নেন নেইমার।
তবে, এগিয়ে গিয়েও আধিপত্য দেখাতে পারেনি সান্তোস। বরং, তাদের সাদামাটা পারফরম্যান্সের সুযোগে ৫১ ও ৬২তম মিনিটের দুই গোলে এগিয়ে যায় শাপেকোয়েন্সে, চলতি মৌসুমে এর আগে যে দলটি কোনো অ্যাওয়ে ম্যাচেই জোড়া গোল করতে পারেনি।
নির্ধারিত সময় শেষের মিনিটখানেক বাকি থাকতে একটি বিতর্কিত পেনাল্টি পায় পায় সান্তোস এবং সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান নেইমার। ঠিক যেভাবে বিশ্বকাপের শেষ ষোলোয় শেষ মুহূর্তে নরওয়ের বিপক্ষে স্পট কিকে ব্যবধান কমানো গোলটি করেছিলেন, এখানেও সেভাবেই গোলটি করেন তিনি।
গত সপ্তাহে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ত্রালের বিপক্ষে ম্যাচের আগে পেশাদার পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন নেইমার। ম্যাচটি অবশ্য ৪-১ গোলে জিতেছিল তার দল।
শাপেকোয়েন্সের বিপক্ষে প্রথম গোলটি করার পর, সেই সব সমালোচনার জবাবে ইঙ্গিতপূর্ণ উদযাপন করেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বারবার বিবাদে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন তিনি।
ফলে লিগে পরের ম্যাচে, লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা দল আতলেতিকো পারানায়েন্সের বিপক্ষে খেলতে পারবেন না বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড।
টেবিলের একদম নিচের দলের বিপক্ষে মূল্যবান দুটি পয়েন্ট হারানোয় অবনমন শঙ্কা আগের মতোই রয়ে গেছে সান্তোসের। অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট ওপরে, ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে তারা।