১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমএলএস অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

আরেক আর্জেন্টাইন রদ্রিগো দে পলকেও এই ম্যাচে পাওয়া যাবে না।

এমএলএস অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 03:48 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টারের হয়ে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে লিওনেল মেসির না খেলার বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। সেটারই আনুষ্ঠানিক ঘোষণা এলো। আসছে এই লড়াইয়ে ইন্টার মায়ামির আরেক আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো দে পলকেও পাবে না এমএলএস অল-স্টার। 

নর্থ ক্যারোলিনার শার্লটে আগামী বুধবার মাঠে গড়াবে ম্যাচটি।

গত রোববার শেষ হওয়া এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের সবকটিতে মাঠে নামেন মেসি ও দে পল। একটি ছাড়া সব ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি এবং ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে পুরো ১২০ মিনিট খেলে তিনি।

দে পল বিশ্বকাপে দলের আট ম্যাচের সাতটিতে খেলেন। জর্ডানের বিপক্ষে গ্রুপ ম্যাচে বেঞ্চে ছিলেন এই মিডফিল্ডার।

বিশ্বকাপ শেষে এখন বিশ্রামে আছেন মেসি ও দে পল। লম্বা বিরতি শেষে শুরু হওয়া এমএলএসে সবশেষ দুই ম্যাচে তাদেরকে পায়নি ইন্টার মায়ামি।

মেজর লিগ সকার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত বছর এই অল-স্টার ম্যাচ না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মেসি। এবার ইন্টার মায়ামির পক্ষ থেকে কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে, আর্জেন্টাইন জাদুকর এবারের ম্যাচটিতে খেলতে পারবেন না।

মেসি ও দে পল ছাড়াও আরও দুইজনকে আসছে ম্যাচে পাচ্ছে না এমএলএস অল-স্টার- হুগো কাইপার্স ও বোকাজি। শিকাগো ফায়ারের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে অল-স্টার দলে জায়গা পেয়েছিলেন কাইপার্স। কিন্তু গত বৃহস্পতিবার মেক্সিকান ক্লাব সিএফ মনতেরিতে যোগ দিয়েছেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

আর শিকাগো ফায়ারের ডিফেন্ডার মোকাজি চোটে ভুগছেন। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেন তিনি। দলের খেলা চারটি ম্যাচেই পুরোটা সময় মাঠে ছিলেন এই ফুটবলার।