১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নভেম্বর পর্যন্ত জ্বলতে পারে ইউরোপের দাবানল, রেকর্ড ক্ষতির আশঙ্কা

সম্প্রতি দক্ষিণ স্পেনে ছড়িয়ে পড়া দাবানলে ১৩ জন প্রাণ হারিয়েছে। সেখানে বাতাস ও তীব্র শুষ্ক আবহাওয়ার কারণে প্রতি ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

নভেম্বর পর্যন্ত জ্বলতে পারে ইউরোপের দাবানল, রেকর্ড ক্ষতির আশঙ্কা
স্পেনে দাবানল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 12:02 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

ইউরোপে চলতি বছরের দাবানলের মৌসুম এপ্রিল থেকে শুরু হয়ে আগামী শীতের আগমনের সময় নভেম্বরের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেস ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তা। 

তাছাড়া, এবার দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাহী বিভাগ দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্লকের জরুরি সহায়তা ব্যবস্থার আওতায় উপদ্রুত দেশগুলোতে সরঞ্জাম পাঠানোর বিষয়টি সমন্বয় করেছে। ফ্রান্সে ৭টি বিমান ও ৪টি হেলিকপ্টার এবং স্পেনে ৬টি বিমান ও ৩টি বিশেষ দমকলকর্মী দল পাঠানো হয়েছে। 

ফ্রান্সের বোর্দো অঞ্চলের কাছে জিরোন্দে তৈরি হওয়া ‘মেগা দাবানল’ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে ইইউ কর্মকর্তাদেরও সেখানে পাঠানো হয়েছে। 

অনিয়ন্ত্রিত এই আগুনে ইতোমধ্যে প্যারিস শহরের চার গুণ বড় এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এই দাবানলের অভূতপূর্ব ও নজিরবিহীন ছড়ানোর গতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি দক্ষিণ স্পেনে ছড়িয়ে পড়া দাবানলে ১৩ জন প্রাণ হারিয়েছে। সেখানে বাতাস ও তীব্র শুষ্ক আবহাওয়ার কারণে প্রতি ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

সাধারণত ফায়ার সার্ভিস কর্মীরা ভূমিতে দাঁড়িয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ মিটার গতিতে এগোনো আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। 

তবে স্পেনের এই আগুন উদ্ধারকারীদের স্বাভাবিক সক্ষমতার চেয়ে ২০ গুণ বেশি দ্রুত ছড়ানোর কারণে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ বহুগুণ বেড়ে গেছে।