Published : 26 Jun 2026, 10:48 PM
দুই দশক ধরে রেকর্ডটি ধরে রেখেছেন হোসাম হাসান। মিশরের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড তার। এখন তিনি দলটির কোচ। সাবেক এই স্ট্রাইকারকে সাক্ষী রেখেই তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেওয়ার হাতছানি মোহামেদ সালাহর সামনে।
১৯৮৫ থেকে ২০০৬ পর্যন্ত মিশরের হয়ে ১৭৬ ম্যাচ খেলে ৬৯ গোল করেন হাসান। তার রেকর্ড থেকে একটি গোল দূরে আছেন সালাহ। ১১৮ ম্যাচে এই তারকা ফরোয়ার্ডের গোল ৬৮টি।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে একটি গোল করলে পূর্বসূরিকে ছুঁয়ে ফেলবেন সালাহ, জোড়া গোল করলে তিনি উঠবেন নতুন চূড়ায়।
সিয়াটলে ‘জি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টায়।
চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে এবারই প্রথম জয় পেয়েছে মিশর। সেখানে বড় অবদান ছিল সালাহর। বেলজিয়ামের বিপক্ষে ১-১ ড্রয়ে অভিযান শুরু করা দলটি দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে হারায় নিউ জিল্যান্ডকে। ওই ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন সালাহ। বেলজিয়ামের বিপক্ষে একমাত্র গোলেও অ্যাসিস্ট করেছিলেন তিনি।
প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার হাতছানিতে মাঠে নামার আগে কোচ হাসান বললেন, শুধু একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করতে নারাজ তারা।
“আমরা সবকিছু একজন বা দুজন তারকার ওপর ছেড়ে দিই না এবং বাজি ধরে বলতে পারি না যে, তারা আমাদের জন্য এটা (জয়) নিয়ে আসবে।”
বিশ্বকাপে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানো হচ্ছে সালাহকে। এই পজিশনে তার পারফরম্যান্সে মুগ্ধ মিশর কোচ।
“আমার মনে হয়, এই মুহূর্তে মো সালাহর একটি নতুন রূপ দেখা যাচ্ছে। সে একটি নতুন পজিশনে খেলছে, সে খুব স্বাধীনভাবে ও সৃজনশীল উপায়ে খেলে।”
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে মিশর। ২ পয়েন্ট করে নিয়ে ইরান দুইয়ে ও বেলজিয়াম তিনে আছে। নিউ জিল্যান্ডের পয়েন্ট ১।
ইরানের বিপক্ষে হার এড়াতে পারলে অন্য কোনো হিসাব ছাড়াই নকআউটে উঠে যাবে মিশর।