Published : 16 Jul 2026, 05:34 PM
শঙ্কার মেঘটুকু সরিয়ে দিল এন্সো ফের্নান্দেসের গোল। এরপর লাউতারো মার্তিনেস এলেন আর্জেন্টিনার ত্রাতা হয়ে। লিওনেল মেসির পাস থেকে জাল খুঁজে নিলেন তিনি। দলের প্রয়োজনের সময় গোল এনে দেওয়া সতীর্থকে প্রশংসায় ভাসালেন আলেক্সিস মাক আলিস্তের।
উত্তর আমেরিকা বিশ্বকাপের সেমি-ফাইনালে বুধবার ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন মার্তিনেস।
কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে দলের তৃতীয় গোলটি করেন মার্তিনেস। গুরুত্বপূর্ণ সময়ে গোল এনে দেওয়া ইন্টার মিলানের এই স্ট্রাইকারকে নিয়ে ভীষণ খুশি মাক আলিস্তের।
“সে আমাদেরর জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কেবল আক্রমণভাগে সে যা করে, সেজন্যই নয়, রক্ষণেও সে অবদান রাখে। আমরা খুশি যে, সে এভাবে আলো ছড়াতে পারে। কেননা, গোল করেই একজন স্ট্রাইকার আলোকিত হয় এবং এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে সে সেই কাজটি করেছে।”
ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। মার্ক আলিস্তের ওই সময়ের দিকের পিছু ফিরে তাকালেন একটু যে দার্শনিকের দৃষ্টিতে।
“বিশ্বকাপে এটি আমাদের খেলা সেরা ম্যাচগুলোর একটি। আমরা রক্ষণে একটু বেশি আগ্রাসী ছিলাম, বেশ কিছু ঝুঁকি নিয়েছিলাম এবং ভালো করেছিলাম। আমরা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি, যারা আমরা একটু বেশি খেলার জায়গা দিয়েছিল। সব মিলিয়ে এটা ছিল দারুণ একটি ম্যাচ। প্রথম গোলটি খেয়ে আমরা ভুগেছি, কিন্তু আমি মনে করি, সেটারও একটা মানে আছে।”
বিশ্বকাপে পথের শেষ ধাপে এসে গেছে আর্জেন্টিনা। রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে তারা। দুর্দান্ত একটা ফাইনালের আশা ২৭ বছর বয়সী মাক আলিস্তেরের।
“আমরা বিশ্বাস করি, স্পেন দারুণ একটি দল। আমরা বর্তমান চ্যাম্পিয়ন এবং আমি মনে করি, দুর্দান্ত একটা ফাইনাল হতে যাচ্ছে। সর্বপরি, দুই দলই ভালো ফুটবল খেলার চেষ্টা করে এবং এটাই সবচেয়ে বেশি চোখে লেগে থাকে।”