Published : 21 Jun 2026, 04:47 PM
গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেওয়া সৌদি আরব এবার শুরু করেছে উরুগুয়েকে ১-১ ড্রয়ে রুখে দিয়ে। অন্যদিকে, উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘ছোট’ কেপ ভার্দের চমকের শিকার স্পেন। আটলান্টায় মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও সৌদি আরব। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে, আক্রমণভাগের প্রাণভোমরা লামিন ইয়ামালের পুরোটা সময় খেলা নিয়ে, অনিশ্চয়তা কাটেনি এখনও।
পেশির চোট কাটিয়ে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে বদলি নামেন ইয়ামাল; ৭১তম মিনিটে। মাঝেমধ্যে পায়ের কারিকুরি দেখান বটে, কিন্তু জালের দেখা পাননি ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। স্পেনও বিশ্বকাপ শুরু করে গোলশূন্য ড্রয়ের হোঁচট খেয়ে।
সৌদি আরবের বিপক্ষে বাংলাদেশ সময় রোববার, রাত ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচে স্পেন নামবে, চলতি আসরে প্রথম জয়ের খোঁজে। দে লা ফুয়েন্তের ধারনা, তাদের আক্রমণাত্মক কৌশলের কারণে, রক্ষণের চাদরে নিজেদের মুড়িয়ে রাখবে সৌদি আরব।
“ম্যাচে আমরা আধিপত্য বিস্তার করি, তাতে প্রতিপক্ষকে নিচে নেমে যেতে হয়। প্রতিটি দলই তাদের পছন্দের অস্ত্র কাজে লাগায় এবং যেটাকে সবচেয়ে মানানসই মনে করে, সে কৌশল নেয়, তবে আমাদের আরও কার্যকরী হতে হবে।”
“যে কৌশলে আমরা খেলি, প্রতিদ্বন্দ্বিতা করি, অন্যরা তাতে খুবই রক্ষণাত্মক হয়ে যায়। আগের দিন (কেপ ভার্দ ম্যাচে) আমরা ধারল ছিলাম না। এই জায়গাতে উন্নতি করতে হবে আমাদের। ওই ম্যাচে আমাদের গতি ও বলের বন্টনেও কমতি ছিল।”
প্রতিপক্ষের জমাট রক্ষণ, নিচে নেমে খেলার কৌশল ভেদ করতে ইয়ামালের ক্ষিপ্রতা দরকার স্পেনের। মাঠে এই তরুণ মানেই, গতি ও বল বিতরণের কাজটি ঠিকঠাক হয়ে যাওয়া। কিন্তু, ইয়ামালকে নিয়ে পরিষ্কার কিছু বললেন না স্পেন কোচ।
“প্রশ্ন হচ্ছে, ইয়ামাল কি প্রস্তুত? এই প্রশ্নটা আমি আপনাদের চোখেমুখে দেখছি। সে ভালো অনুভব করছে এবং এটাই সেরা খবর। আমরা দেখব, সৌদি আরবের বিপক্ষে সে কত মিনিট খেলতে পারে। আপনাদের কেউ কেউ বলছেন, সে শুরুর একাদশে থাকবে বা কত সময় খেলবে… মূল বিষয় হচ্ছে, সে ফিরেছে।”
এ দিনই ৬৫ বছর পূরণ হয়েছে দে লা ফুয়েন্তের। জন্মদিনে জয়ের প্রত্যাশা জানিয়ে রাখলেন স্পেন কোচ।
“আমরা সবচেয়ে বড় উপহার হবে… খুশি থাকা যে, আমরা এখন চোটমুক্ত আছি। ভালো একটা ম্যাচ খেলেছি এবং আশা করি, আমরা জিতব।”