Published : 22 Jun 2026, 09:39 PM
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ এবং তা ফেইসবুকে প্রচারের অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের যৌথ অভিযানে পাহাড়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন।
গ্রেপ্তার আব্দুল মাবুত জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেইসবুকে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
পুলিশ জানায়, এক চীনা পর্যটককে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজুর নজরে এলে তিনি থানায় অভিযোগ করেন।

ভিডিওতে দেখা যায়, এক বিদেশি পর্যটকের ভাষাগত সীমাবদ্ধতার সুযোগ নিয়ে বিভিন্ন ব্যক্তিগত ও অস্বস্তিকর প্রশ্ন করা হয়। ভিডিওতে তাকে গালাগালিও করা হয়। একই সঙ্গে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা ও ভিডিও ধারণের ঘটনাও দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজু বলেন, একজন বিদেশি নাগরিককে হেনস্তার ভিডিও দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাটি শুক্রবার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় ঘটেছিল।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার গর্ব এবং দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর একটি। এখানে দেশ-বিদেশের পর্যটক ও গবেষকরা নিয়মিত আসেন। কোনো বিদেশি পর্যটককে হেনস্তা বা হয়রানি করা হলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, আব্দুল মাবুত, তার সহযোগী এক নারী এবং ভিডিও ধারণকারী ক্যামেরাপারসনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।