Published : 22 Jun 2026, 09:36 PM
রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে তুরস্ক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘আন্তরিক’ সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বাংলাদেশ সফররত তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি ফাতমা মেরিস ইলমাজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠনসহ বিভিন্ন খাতে দুদেশের সহযোগিতা জোরদারে গুরুত্ব দিয়েছেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য বড় রকমের চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে দ্রুত সময়ে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে গুরুত্ব দেন তিনি। এক্ষেত্রে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিয়ানমার থেকে বাস্তুচ্যত এই বিশাল সংখ্যক রোহিঙ্গাকে বছরের পর বছর আশ্রয় দিয়ে অসাধারণ সহানুভূতি দেখানোয় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তুর্কি রেড ক্রিসেন্ট সভাপতি।
খাদ্য, শিক্ষা, প্রাথমিক ও জরুরি চিকিৎসা, স্যানিটেশন এবং দক্ষতার প্রশিক্ষণ দিয়ে রোহিঙ্গাদের প্রতি তুরস্কের মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি।