Published : 19 Jun 2026, 10:15 PM
দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত আগেও একবার নিয়েছিলেন মানুয়েল নয়ার; কিন্তু দলের প্রয়োজনে, কোচের ডাকে ফিরে খেলছেন বিশ্বকাপে। এরপর কী? স্বাভাবিকভাবে উঠছে প্রশ্নটা। উত্তর দিতে এক মুহূর্ত দেরি করলেন না এই জার্মান গোলরক্ষক, জানিয়ে দিলেন, এরপর আর নয়।
২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার কিছু দিন পর, জাতীয় দলকে বিদায় জানিয়ে দেন নয়ার। খেলছিলেন কেবল বায়ার্ন মিউনিখের হয়ে। বয়সও হয়ে গেছে ৪০ বছর। তবে এবারের বিশ্বকাপের আগে সবকিছু বদলে যায়।
গত দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলকে উত্তর আমেরিকা আসরে সাফল্যের পথে ফেরাতে নয়ারের প্রয়োজন অনুভব করেন কোচ ইউলিয়ান নাগেলসমান। তার অনুরোধেই অবসর ভেঙে ফেরেন এবং সরাসরি জায়গা করে নেন বিশ্বকাপ দলে।
আগের চারটি বিশ্বকাপে দলের মূল গোলরক্ষক নয়ারকে এবারও একই ভূমিকায় রেখেছেন কোচ। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলে জয়ের ম্যাচে শুরু থেকেই পোস্টে ছিলেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। পরের ম্যাচে শনিবার কোত দি ভোয়ার বিপক্ষে খেলবে তারা।
আগের দিন সংবাদ সম্মেলনে ক্যারিয়ার নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা জানালেন নয়ার।
“ঘরের মাঠে ইউরোয় ভালো একটা টুর্নামেন্ট শেষে যৌক্তিক কারণে আমি অবসর নিয়েছিলাম। আমার জন্য সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। তখন সেটাই ঠিক মনে হয়েছিল। গত দুই বছর ধরে খেললে (জাতীয় দলে খেলে যাওয়া) আমার জন্য সেটা অনেক চাপের হতো।”
“আমার জন্য, এটাই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পর, পরবর্তী ইউরোয় খেলার কোনো পরিকল্পনা আমার নেই। গত কয়েক দিনে বিষয়টা নিয়ে অনেক ভেবেছি এবং (এই টুর্নামেন্টের) ম্যাচগুলোই জাতীয় দলের হয়ে আমার শেষ।”
তবে আরেকটি বিশ্বকাপ জিততে এখানে শেষ পর্যন্ত যেতে চান নয়ার ২০১৪ বিশ্বকাপ জয়ী তারকা।
“সব ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি, কোনো বিদায়ী জার্সি পরতে চাই না।”