০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে সড়কের পাশে ময়লার স্তূপে পড়েছিল ‘পুলিশের সোর্সের’ লাশ

একদিন আগে দিগন্ত বাসা থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানান স্বজনরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 01:48 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

নরসিংদীর মধাবদীতে সড়কের পাশে ময়লার স্তূপে এক তরুণের লাশ পাওয়া গেছে; যিনি পুলিশের সোর্স হয়ে কাজ করতেন বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীর।

সোমবার সকালে নরসিংদী-মদনপুর সড়কে উপজেলার খরমদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাধবদী থানার ওসি কামাল হোসেন।

নিহত দিগন্ত (২০) উপজেলার শেখের চর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন। এ ছাড়া দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে দাবি স্বজনদের।

পুলিশ ও স্বজনরা জানান, রোববার বিকালে দিগন্ত মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। 

সকালে সড়কের পাশে ময়লার স্তূপে লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে দিগন্তকে শনাক্ত করেন স্বজনরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি কামাল হোসেন বলেন, “প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আমাদের সঙ্গে কাজ করতেন।” 

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।