Published : 29 Jun 2026, 01:29 PM
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোরীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসাইন।
নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। আটক ১৫ বছর বয়সি মেয়েটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা।
স্বজনদের বরাতে ওসি আরিফ হোসাইন বলেন, “প্রায় তিন বছর ধরে ওই কিশোরীর সঙ্গে সিয়ামের প্রেমের সম্পর্ক চলছিল। এর মধ্যে বিয়ে নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। রোববার রাতে মেয়েটি সিয়ামের বাড়িতে গিয়ে বিয়ের কথা বলেন।
“এ নিয়ে রাতভর আলোচনার পর সমঝোতা না হওয়া ভোরে মেয়েটি সিয়ামকে ছুরি দিয়ে আঘাত করেন বলে দাবি স্বজনদের।”
গুরুতর অবস্থায় সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ছুরিসহ ওই কিশোরীকে আটক করা হয়। লাশ মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।